ঈদে নতুন আইডিয়ায় উপস্থাপকগণ

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ১৯:৩৩
প্রতি ঈদেই হরেক রকম অনুষ্ঠান নিয়ে পেশাজীবী উপস্থাপকদের ব্যস্ততা বেড়ে যায়। তেমনি এবারের ঈদেও ব্যতিক্রম নেই। তবে ঈদ উপলক্ষে উপস্থাপকেরা তাদের নিজস্ব নিয়মিত অনুষ্ঠানের আঙ্গিক পরিবর্তন করেন। আনজাম মাসুদ গেল ঈদে আনন্দমেলাসহ বেশ কয়েকটি অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। কিন্তু এবারে তিনি ক্যামেরার পেছনে থেকে একটি ভিন্নধর্মী অনুষ্ঠান নির্মাণ করছেন। এ ছাড়া ঈদের আগে কয়েকটি টিভিসি নির্মাণে ব্যস্ত রয়েছেন তিনি। এ প্রসঙ্গে আনজাম মাসুদ বলেন, ‘ক্যামেরার পেছনে থাকার আলাদা এক আনন্দ আছে। যা সব সময় উপস্থাপক হিসেবে থেকে করা যায় না। ভবিষ্যতে হয়তো একটি-দুটি অনুষ্ঠান উপস্থাপন করে আমি নির্মাণেই বেশি জোর দেব।’ এদিকে টিভি উপস্থাপক হাসান আহমেদ চৌধুরী কিরণ এটিএন বাংলায় নিয়মিত স্কুল ও কলেজ বিতর্ক অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন। কিন্তু ঈদ উপলক্ষে শোবিজ তারকাদের নিয়ে রম্য বিতর্ক অনুষ্ঠান নির্মাণ করছেন একই চ্যানেলের জন্য। এ প্রসঙ্গে কিরণ বলেন, ‘রম্য বিতর্ক মূলত আমার অনুষ্ঠানেরই একটি শোবিজ সিক্যুয়েল। এবারেও চলচ্চিত্র, টিভি ও সংগীতের কয়েকজন তারকাকে নিয়ে অনুষ্ঠান তৈরি করব। প্রতিবছরই এই অনুষ্ঠান করার পর চ্যানেল থেকে অনুরোধ আসে এ ধরনের অনুষ্ঠান নিয়মিত করতে। কিন্তু এই ধারার রম্য বিতর্ক অনুষ্ঠান করলে তার আসল রসবোধ হারিয়ে যাবে।’ এর পাশাপাশি নিয়মিতভাবে খন্দকার ইসমাঈল তার নিজের নামের স্যাটায়ার করেই ‘স্মাইল শো’ করে থাকেন। ঈদে করছেন তার বিশেষ পর্ব। নাচ, গান ও বিভিন্ন মজার স্কিড নিয়ে তৈরি এই অনুষ্ঠান। তবে দীর্ঘদিন ধরে ম্যাগাজিন অনুষ্ঠান থেকে একেবারেই দূরে আব্দুন নূর তুষার। গত ঈদে তিনি ম্যাগাজিন অনুষ্ঠান তৈরি করলেও এবারে ৭১ টিভির জন্য আলাদা একটি অনুষ্ঠান নির্মাণ করবেন। পাশাপাশি ঢাকা এফএম-এ একটি বিশেষ ঈদ অনুষ্ঠান উপস্থাপনার কথা রয়েছে। এর বাইরে জুনিয়র উপস্থাপক যেমন নিরব, আরজে সায়েম, নাবিলা বেশির ভাগ লাইভ কনসার্টের সঞ্চালনা নিয়েই ব্যস্ত থাকবেন। এবারের ঈদকে মাথায় রেখে তাই উপস্থাপকগণ বেশ আঁটসাঁট বেধেই নামছেন বলা যায়। তবে অনুষ্ঠানের মান ও গুণের বিচারেই তা দর্শকদের গ্রহণ ও বর্জনের বিবেচনায় থাকবে।