নাট্যসংগঠন স্বপ্নদল ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে আগামী ১ আগস্ট এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে হিরোশিমা-নাগাসাকির রিয়োগান্তক ঘটনা অবলম্বনে স্বপ্নদলের দর্শকনন্দিত প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’-র মঞ্চায়ন এবং নানা আনুষ্ঠানিকতায় ‘হিরোািশমা দিবস-২০১৩’ উদযাপন করা হবে। বাদল সরকারের মূলরচনা অবলম্বনে আলোচিত প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’-র রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এ দিন বিকাল ৫টা থেকে চলবে যুদ্ধবিরোধী পোস্টার-আলোকচিত্র-চলচ্চিত্র প্রদর্শনী, সন্ধ্যা সাড়ে ৭টায় যুদ্ধযন্ত্রণার প্রতীক জাপনি শিশু সাদাকো সাসাকি স্মরণে কাগজের সরস বিতরণ ও সংক্ষিপ্ত যুদ্ধবিরোধী আলোচনা অনুষ্ঠান। শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের পরিচালক বেগম সারা আরা মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশস্থ জাপান দূতাবাসের মিনিস্টার হিরোইউকি মিনামি এবং গণসংযোগ ও সাংস্কৃতিক বিভাগের পরিচালক রিওজি সুগে। এরপর থাকবে ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার বিশেষ মঞ্চায়ন। ‘হিরোশিমা দিবস’ উপলক্ষে নাট্যপ্রদর্শনীসহ সকল অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।
