শেয়ারবাজারের সার্বিক পিই রেশিও কমেছে

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২১:০০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক সপ্তাহের ব্যবধানে সার্বিক মূল্য-আয় অনুপাত (পিই) ৫ দশমিক ৫৮ শতাংশ কমেছে। ডিএসই’র তথ্য অনুযায়ী বর্তমান গড় পিই রেশিও ১৪.৩৭। আগের সপ্তাহে পিই ছিল ১৫ দশমিক ২২। সপ্তাহের ব্যবধানে গড় পিই রেশিও কমেছে ০.৮৫ পয়েন্ট। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ প্রায় দুই বছর ধরে পিই রেশিও ১৫ এর নিচে থাকলেও সমপ্রতি তা ১৫ এর উপরে উঠে যায়। তবে ৩ সপ্তাহের ব্যবধানে তা আবারো নিচে নেমে এসেছে। এ ধরনের পিই রেশিওতে সাধারণত বাজারে বিনিয়োগ নিরাপদ বলেই মনে করেন বাজার বিশেষজ্ঞরা। তাই বর্তমান পিই রেশিওতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারে। তবে কোম্পানির আয় কমে যাওয়ায় পিই রেশিও কমে গেছে কিনা তাও ভেবে দেখতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাধারণ বিনিয়োগকারীদের মতে, দীর্ঘ মন্দার কারণে শেয়ারবাজারের পিই রেশিও প্রায় ৮ বছর আগের অবস্থানে চলে গিয়েছিল। তাছাড়া পিই রেশিও ১৫’র নিচে অবস্থান করেছে টানা প্রায় দু’বছর। সমপ্রতি সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য পুনঃঅর্থায়নযোগ্য ঋণ তহবিলের ঘোষণা দেয়ার পর থেকে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরে আসে। এরই ধারাবাহিকতায় পিই রেশিও ১৫’র উপরে উঠে যায়। তবে গত সপ্তাহে দর সংশোধন হওয়ায় ফের পিই রেশিও নিচে নেমে আসে।