ভৈরবে ঈদ বাজার জমে উঠেছে

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২১:৩৭
বন্দরনগরী ভৈরবে ঈদের বাজার জমে উঠেছে। রমজানের ১০ দিন পর থেকে শহরের অভিজাত বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত সর্বত্র ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মার্কেটগুলোতে কেনাকাটার ধুম পড়েছে। ক্রেতাদের ভিড়ে অধিকাংশ মার্কেটে এখন হাঁটা-চলা করা কঠিন। দিন যত যাচ্ছে মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। পরিবারের গৃহিণীসহ ছোট ছোট ছেলে-মেয়েরাও নিজ পছন্দে জামা-কাপড় কিনতে আসছে। শাড়ি ও জামা-কাপড় ছাড়াও তৈরি পোশাক, জুতা, স্যান্ডেল এবং থ্রি-পিছ ও প্রসাধনীর দোকানে ভিড় বেশি লক্ষ্য করা যাচ্ছে। প্রতিবারের মতো এবারো শহরের পৌর নিউমার্কেট, ছবিঘর শপিং কমপ্লেক্স, জাহানারা কমপ্লেক্স, বিগ বাজার, চন্দ্র বিন্দু, কটন ক্লাব, টপ কালেকশন, ফ্যাশন বাজার, ফ্যাশন জোন, ভিআইপি ফ্যাশন, কলাপাতা, হকার্স মার্কেট, ইউসুফ মার্কেট, আজিজ সুপার মার্কেট, ফকির সুপার মার্কেট ও কাচারী রোডসহ বিভিন্ন মার্কেটে বিভিন্ন সাজে সজ্জিত করা হয়েছে। পৌর নিউমার্কেটের সভাপতি মোশারফ হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ জানান, অন্যান্য বছরের মতো এবারো ঈদ মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়। মেগা শপিং মল বিগ বাজারের স্বত্বাধিকারী মনির খান বলেন, এবারের ঈদ বাজারে ভারতের ও চীনের তৈরি পোশাক ক্রেতাদের আকৃষ্ট করেছে। পাশাপাশি থাইল্যান্ড, ব্যাংককের পুরুষদের শার্ট, টি শার্ট, গেঞ্জি ভাল বিকিকিনি হচ্ছে।