প্রতিবারের মতো এবারও কুষ্টিয়ার কুমারখালিতে জমে উঠেছে সাপ্তাহিক বৃক্ষ হাট। পৌর এলাকার রেল স্টেশন বাজার চত্বরে বর্ষা মৌসুমেই এ সাপ্তাহিক হাটটি বসে থাকে। একযুগ আগে কয়েকজন সৌখিন নার্সারি মালিক তাদের নার্সারিতে উত্পাদিত কিছু গাছের চারা নিয়ে পরীক্ষামূলকভাবে শনিবারের চলমান সাপ্তাহিক হাটে বিক্রির উদ্দেশ্যে বসা শুরু করে। দেশের দ্বিতীয় বৃহত্তম কাপুড়িয়া হাট নামে খ্যাত কুমারখালিতে সাপ্তাহিক হাট শনিবারে বিভিন্ন এলাকার মানুষের সমাগম ঘটায় অল্প সময়ের মধ্যে বৃক্ষ হাটের বেশ প্রচার লাভ করে। নার্সারি মালিকরা শুরুতে হাটে পরীক্ষামূলকভাবে গাছের চারা আনা শুরু করলেও ক্রেতাসমাগম বৃদ্ধি পাওয়ায় পরবর্তীতে বাণিজ্যিকভাবে হরেক প্রজাতির গাছের চারা হাটে আনা শুরু করে।
এখানে সাপ্তাহিক বৃক্ষহাটে ব্যাপক ক্রেতা-বিক্রেতা সমাগমের খবর ইতিপূর্বে বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়ায় খুলনা বিভাগের বিভিন্ন এলাকা হতে নামি-দামি নার্সারি তাদের উত্পাদিত গাছ বিক্রির জন্য কয়েক বছর আগে থেকেই আসতে শুরু করে। হাট মৌসুমে প্রতি শুক্রবার রাতে বিভিন্ন এলাকার নার্সারি মালিকরা পিকআপ, নছিমন, করিমন এবং ভ্যানযোগে গাছ এনে হাটে পসরা সাজাতে শুরু করে।
