বাজিতপুরের শিক্ষক কর্মচারীরা জুনের বেতন পাননি

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২১:৩৯
উপজেলাসহ আশপাশের সর্বত্র বেসরকারি স্কুল-মাদ্রাসা ও কলেজ শিক্ষক কর্মচারীরা জুলাই মাস প্রায় শেষ হয়ে গেলেও এখন পর্ষন্ত জুন মাসের বেতনই পাননি। এ কারণে হাজার হাজার শিক্ষক কর্মচারীকে পবিত্র রমজান মাসে অসহায় জীবন-যাপন করতে হচ্ছে। এ ব্যাপারে শিক্ষক কর্মচারীদের মাঝে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। একাধিক শিক্ষক জানান, জুন মাসের বেতনই পাইনি—উপরন্তু জুলাই মাসের বেতন ও বোনাস পাওয়াতো দূরের কথা। তারা আরও জানান, সরকার শিক্ষকদের নিয়ে বিড়াল-ইঁদুর ছানার খেলা খেলছে। তারা জানান, দেখা যাবে আগস্টের প্রথম সপ্তাহে হয়তো জুন মাসের বেতন দেবে এবং আগস্ট মাসে ঈদের ছুটির দুই-একদিন আগে হয়তো বোনাস ও জুলাই মাসের বেতন ছাড় দেবেন; এ সময় ব্যাংকগুলোর পক্ষেও দ্রুত শিক্ষক-কর্মচারীদের টাকা প্রদান সম্ভব হয়ে উঠে না এবং বেতন তুলতেও নানা বিড়ম্বনার শিকার হতে হয়। ফলে অনেকাংশে ঈদের আগে জুলাই মাসের বেতন তোলাও সম্ভব হয়ে উঠে না। শিক্ষক কর্মচারীদের দাবি, অবিলম্বে প্রাপ্য জুন মাসের বেতন ও বোনাস এবং ঈদের আগেই জুলাই মাসের বেতন প্রদান করা হোক। তারা ক্ষোভের সাথে আরো বলেন, শিক্ষকদের এভাবে কষ্টে রেখে আর যা-ই হোক জাতির উন্নয়ন ঘটবে না।