সামপ্রতিক দেশের ৪ বিভাগীয় সিটি ও সর্বশেষ গাজীপুরের সিটি কর্পোরেশন নির্বাচনের পর দিনাজপুরের ৬টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীরা নড়ে-চড়ে বসেছেন। জোরেশোরে শুরু করেছেন তাদের তত্পরতা। তবে কে কোন দলের মনোনয়ন পেতে যাচ্ছেন এ মুহূর্তে তা বলা যাচ্ছে না। তাই নতুন আশায় বুক বেঁধে সামনের দিকে এগুচ্ছেন প্রার্থীরা।
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসন
বর্তমান এমপি মনোরঞ্জনশীল গোপাল। আওয়ামী লীগের এ প্রার্থী গত নির্বাচন নিয়ে পরপর দু’বার বিজয়ী। আগামী নির্বাচনেও তিনি এ আসনে মনোনয়ন পেতে পারেন বলে দলের বেশিরভাগ নেতাকর্মীই মনে করেন। বিএনপি থেকে সাবেক এমপি রেজা হোসেন প্রার্থিতা চাইবেন। এছাড়া জামায়াত থেকে বীরগঞ্জ পৌরসভার মেয়র এম এ হানিফও মনোনয়ন চাইতে পারেন। আওয়ামী লীগ থেকে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন জাকা মনোনয়নপত্র নিতে আগ্রহী বলে জানা গেছে।
দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসন
এ আসনের বর্তমান সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী। তিনি সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রৌফ চৌধুরীর পুত্র। মরহুম এই ব্যক্তিত্বের প্রভাব এবং খালিদ মাহমুদ চৌধুরীর কর্মতত্পরতা ও বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায়ও মনোনয়ন চাইবেন বলে জানা যাচ্ছে। জাতীয় পার্টি থেকে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী জীবন ও বিএনপি থেকে স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান ও সাবেক এমপি লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান মনোনয়ন প্রত্যাশী ।
দিনাজপুর-৩ (সদর)
কেবলমাত্র সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনটি । এ আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক ছাত্রলীগ নেতা ইকবালুর রহিম। আগামীতেও তিনি এ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এছাড়াও এ আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আশফাক, সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বিএনপি থেকে প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হকের পুত্র শাহরিয়ার আখতার ডেল অথবা শরিক দলের জাগপা প্রধান সফিউল আলম প্রধান মনোনয়ন চাইতে পারেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানা গেছে।
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা )
এ আসনে বর্তমান সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন।
কারণ এ আসনে উল্লেখযোগ্য প্রার্থী নেই। ইতিপূর্বে সাবেক হুইপ মিজানুর রহমান মানু মনোনয়ন না পাওয়ায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। অপরদিকে বিএনপি থেকে সাবেক এমপি আখতারুল আলম ও শিল্পপতি হাফিজুর রহমান মনোনয়ন চাইতে পারেন বলে জানা গেছে। এছাড়া জামায়াত থেকে চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দীন মোল্লা মনোনয়ন চাইবেন।
দিনাজপুর-৫ (ফুলবাড়ি-পার্বতীপুর)
এ আসনের বর্তমান সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী এড. মোস্তাফিজুর রহমান ফিজার। তিনি পর পর ৫ বার নির্বাচিত। বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট শিল্পপতি এ, জেড, এম রেজওয়ানুল হক ও কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট সাবেক প্রতিমন্ত্রী হাজী মনছুর আলী সরকার মনোনয়ন চাইবেন।
দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর)
এ আসনের বর্তমান সংসদ সদস্য ডা. আজিজুল হক চৌধুরী। এবারও তিনি মনোনয়নপ্রাপ্তির জন্য চেষ্টা করবেন। তবে এ আসনের তার বিরুদ্ধে মনোনয়ন লড়াইয়ে আছেন আওয়ামী লীগেরই অনেকেই। এদের একজন হলেন এ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজার রহমান ফিজুর পুত্র ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শিবলী সাদিক। তাছাড়া জাতীয় পার্টির দেলওয়ার হোসেন, জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম মনোনয়ন চাইবেন।
