নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে গত রবিবার ডাকাত সন্দেহে আটক চার যুবককে ছিনিয়ে নিতে না পেরে থানার ওসিসহ পুলিশ সদস্যদের দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখা এবং পরবর্তীতে পুলিশ-গ্রামবাসি সংঘর্ষের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটির বাদি হয়েছেন সেনবাগ থানা পুলিশের এসআই মো. শাহাজাহান। মামলায় স্থানীয় ইউপি মেম্বার কামাল হোসেনসহ ২৯ নামীয় এবং অজ্ঞাত আরো দেড় হাজার লোককে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর থেকে এলাকায় পুলিশ আতংক বিরাজ করছে।
এদিকে, পুলিশের মামলা দায়েরের প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এলাকার লোকজন। স্থানীয় কাক্কু সাহা মত্স্য কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার ও মামলা প্রধান আসামি কামাল হোসেন অভিযোগ করে বলেন- ঘটনায় প্রকৃত জড়িতদের আসামি না করে এলাকার নিরীহ গ্রামাবাসির নামে মামলা দায়ের করা হয়েছে।
