উখিয়ার উপকূলীয় এলাকা মনখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নূরুল হককে প্রকাশ্য দিবালোকে লাঞ্ছিত করে হত্যার হুমকি প্রদর্শনসহ স্কুলে তালা ঝুলিয়ে দেয়ার ভয়ভীতি প্রদর্শন করেছে উপকূলের ত্রাস নামে খ্যাত একাধিক ডাকাতি মামলার আসামি আবছার বাহিনী প্রধান নুরুল আবছার। গত শুক্রবার ইফতারের সময়ে মনখালী বাজারে প্রকাশ্য জুয়া খেলায় বাধা দেয়ায় এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে গতকাল শনিবার উখিয়া থানায় একটি অভিযোগ করেছে ভুক্তভোগী শিক্ষক। প্রাথমিক শিক্ষকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে উখিয়া সরকারি শিক্ষক সমিতি ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উক্ত সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় শিক্ষক সমিতি মানববন্ধন, সড়ক অবরোধ ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের মতো কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন।
জানা গেছে, উপকূলের আতংক সংঘবদ্ধ অপরাধী চক্রের গ্যাংলিডার একাধিক ডাকাতি, খুন ও অপহরণ মামলার আসামি আবছার বাহিনী প্রধান নুরুল আবছার (৩৫) গত শুক্রবার মনখালী বটতলী বাজারে তার সাঙ্গপাঙ্গ নিয়ে জুয়া খেলায় মত্ত অবস্থায় অশ্লীল ভাষায় পার্টনারদের গালি-গালাজসহ শোরগোল করে ইফতারের সময়কে অবজ্ঞা প্রদর্শন করছিল। এ সময় বাধা দিতে গেলে জুয়াড়িরা মনখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর চড়াও হয়ে লাঞ্ছিত করে।
