বেইজিং অলিম্পিকে মাইকেল ফেলপসের গড়া আট স্বর্ণ জয়ের কীর্তির পুনরাবৃত্তি করতে চান সাঁতারের নতুন তারকা মিসি ফ্রাঙ্কলিন। স্পেনের বার্সেলোনায় আগামী রবিবার থেকে শুরু হতে যাওয়া বিশ্বচ্যাম্পিয়নশিপের প্রাক্কালে মার্কিন সাঁতারু ফ্রাঙ্কলিন একথা বলেন।
গত বছর লন্ডন অলিম্পিক শেষে সাঁতারকে বিদায় জানান ফেলপস। তবে খেলা ছাড়ার আগে সাঁতার তো বটেই, ক্রীড়াজগতের সর্বকালের অন্যতম সেরা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। টানা তিনটি অলিম্পিকে অংশ নিয়ে জেতেন ১৮টি স্বর্ণ। যা কিনা অলিম্পিকের শতবছরের ইতিহাসে কোন অ্যাথলেটের ব্যক্তিগত সর্বোচ্চ।
ফেলপসের অবসরের পর তাই স্বাভাবিকভাবেই সাঁতার বিশ্বে সৃষ্টি হয়েছে এক শূন্যতার। কারণ, জনপ্রিয়তা কিংবা পারফরম্যান্সের দিক থেকে ফেলপসের ধারে কাছেও কেউ তখন ছিলেন না। ফেলপসের যেখানে শেষ, সেই লন্ডনেই লাইমলাইটে আসেন ফ্রাঙ্কলিন। লন্ডনে চারটি স্বর্ণ জিতে হইচই ফেলে দেয়া এই অষ্টাদশীর আশাবাদ বেইজিংয়ে ফেলপসের গড়া আট স্বর্ণ জয়ের সেই অদ্বিতীয় কীর্তির পুনরাবৃত্তি করতে পারবেন তিনি।
লন্ডনে গত বছর পাঁচটি পদক জিতলেও বার্সেলোনায় বিশচ্যাম্পিয়নশিপে আটটি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। যার মধ্যে তার প্রিয় তিনটি ব্যাকস্ট্রোক ইভেন্ট ছাড়াও আছে ১০০ ও ২০০ মিটার ফ্রিস্টাইলও। তবে এটা যে মোটেই সহজ হবে না ২০০ মিটার ব্যাকস্ট্রোকের বর্তমান বিশ্বরেকর্ডের মালিক ফ্রাঙ্কলিন বুঝতে পারছেন সেটাও। তিনি বলেন, ‘এটা অবশ্যই অনেক কিছু। কিন্তু এটার কথা ভেবে আমি খুবই উত্তেজিত। এখানকার প্রত্যেকটা ইভেন্টই আমার প্রিয়।’
তবে ফ্রাঙ্কলিন যদি এটা করতে পারেন তাহলে এক দিক থেকে ফেলপসকেও ছাড়িয়ে যাবেন তিনি। কারণ, এখন পর্যন্ত কোন অ্যাথলেটই বিশ্বচ্যাম্পিয়নশিপের এক আসরে আটটি স্বর্ণ জিততে পারেননি।
সাংহাইয়ে ২০১১ বিশ্বচ্যাম্পিয়নশিপে তিনটি স্বর্ণ জেতা ফ্রাঙ্কলিন এখন ব্যস্ত ১০০ এবং ২০০ মিটার ফ্রিস্টাইলের শেষ মুহূর্তের প্রস্তুতিতে। লন্ডন অলিম্পিকে এই দুটো ইভেন্টে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম হয়েছিলেন তিনি। নিজের লন্ডনের সাফল্যকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্নে বিভোর ক্যালিফোর্নিয়ায় জন্ম নেয়া এই তারকা বলেন, ‘আমি লন্ডনে কিভাবে নিজের প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছিলাম সেটা চিন্তা করে আমি এখনো রোমাঞ্চিত হই। এই মুহূর্তে আমি অতীতের যে কোন সময়ের চেয়ে বেশি পরিশ্রম করছি এবং ছোট ছোট কোন বিষয়কেই উড়িয়ে দিচ্ছি না। আমার বিশ্বাস প্রতিযোগিতায় এর ফল আমি পাব।’ এছাড়াও তারুণ্যনির্ভর যুক্তরাষ্ট্র দলকে পয়েন্ট তালিকার শীর্ষে দেখার আশাবাদ জানান ফ্রাঙ্কলিন।
