পানামার বিপক্ষে রবিবারের গোল্ডকাপ ফাইনালে দলের সাথে সাইডলাইনে থাকতে পারছেন না যুক্তরাষ্ট্রের কোচ ইয়র্গেন ক্লিন্সম্যান। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় গত বুধবারের সেমিফাইনালের শেষের দিকে ক্লিন্সম্যান লালকার্ড দেখেন। আর এরই পরিপ্রেক্ষিতে কনকাকাফ গত শুক্রবার এই নিষেধাজ্ঞা জারি করে।
বুধবার হন্ডুরাসের বিপক্ষে সেমিফাইনালে ৩-১ গোলের জয়ী ম্যাচে মিডফিল্ডার ডামার্কোস বিয়াসলিকে হার্ড ট্যাকেল করার প্রতিবাদে ক্লিন্সম্যান রেফারির ওপর রেগে গেলে খেলার ৮৭ মিনিটে তাকে লালকার্ড দেখানো হয়। উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা কনকাকাফ জানিয়েছে তারা পুরো ঘটনাটি পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করে ক্লিন্সম্যানকে এক ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রসঙ্গে কনকাকাফ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত রাগান্বিত আচরণের মাধ্যমে ক্লিন্সম্যান রেফারির দিকে বল ছুঁড়ে মেরেছেন যা মোটেই কাম্য নয়। যুক্তরাষ্ট্রের পরবর্তী ম্যাচে তার এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ কারণেই শিকাগোতে আগামী ২৮ জুলাই কনকাকাফ গোল্ডকাপের ফাইনালে তিনি দলের সাথে থাকতে পারবেন না। —বাসস
