অবশেষে শেষ হতে যাচ্ছে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তার ইউনিট (আকসু) এর রিপোর্ট পাওয়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপেক্ষা । বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, ঈদের ছুটির পর আকসু রিপোর্ট তারা হাতে পাবেন। এই ব্যাপারে বিস্তারিত জানাতে গিয়ে তিনি আরও বলেন, আগামী নয়দিনের মধ্যে আকসু রিপোর্ট তৈরি হয়ে যাবে।
গতকাল শনিবার অনূর্ধ্ব-১৯ দলের ফটোসেশনে এসে বিসিবি সভাপতি বলেন, ‘রিপোর্ট পাঁচ তারিখের মধ্যে শেষ হয়ে যাবে আমাকে বলেছে। ওরা হয়তো সাত-আট তারিখে আসতে চাচ্ছিলো, আসতে পারতো। আমি বলেছি যে যদি নয় তারিখ বা দশ তারিখ ঈদ হয় আমি বলেছি ১২ তারিখে আসতে, ১১ বা ১২ তারিখে। মানে আমি চাচ্ছি ঈদের পরপরই হোক।’
আকসুর রিপোর্ট কেমন হতে পারে সে ব্যাপারেও আভাস দিলেন বোর্ড সভাপতি। তিনি জানান, আশরাফুল ছাড়া জাতীয় দলের আর কোন তারকা ক্রিকেটারের নাম রিপোর্টে থাকছে না। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন ‘আশরাফুলের মতো নামকরা কোনো খেলোয়াড়ের নাম রিপোর্টে নেই। মানে আশরাফুলের চেয়ে বড় কিছু নেই। তবে থাকতে পারে আরো দুয়েকটা নাম যেগুলো আগেই এসেছে পেপারে। আপনাদের পেপারে যে রকম সব নাম এসেছে তার বাইরে কোনো নাম আমিও শুনিনি এ পর্যন্ত। আমার শোনাও কিন্তু পেপার থেকেই। ওরা কিন্তু কোনো নাম বলেনি আমাকে।’
বিসিবি নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের ইচ্ছে সেপ্টেম্বরের মধ্যে শেষ করা। এনএসসির সঙ্গে বসতে হবে। যত তাড়াতাড়ি শেষ করতে পারি, আইসিসির যে টিমটা আসবে বিশ্বকাপের জন্য এই কাজগুলো আমরা অফিসিয়ালি করতে আমাদের জন্য সুবিধা হবে। ওরাও বুঝতে পারছে না এরা থাকবে না নতুনরা, এরা দোটানায় আছে। এই জন্য এটা যত তাড়াতাড়ি শেষ হয় তত ভালো।’
বোর্ড সভাপতি আরও জানান ৫২ টি ক্লাবের মধ্যে ৩২ টিই তার প্রতি সমর্থন প্রকাশ করেছে। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘আমরা ৩২ ক্লাব এক সঙ্গে হয়েছি। এখানকার ঢাকার জন্য। আর জেলা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। ৩২টা ক্লাব এক সঙ্গে হয়েছি যে আমরা এক সঙ্গে থাকবো। মানে ৫২টার মধ্যে। আমাকে বলেছে যে তারা আমার সঙ্গে থাকবে।’
