বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড সম্পর্কে বৃহস্পতিবার একটি টেপলভিশন চ্যানেলে প্রচারিত সংবাদে শিক্ষক সমাজ সম্পর্কে শিক্ষামন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়ে ৮৯ কোটি টাকা প্রদান করেছেন। পরবর্তীতে শিক্ষকদের বেতন থেকে ৬% ও ৪% টাকা কর্তন করে অবসর সুবিধা বোর্ড থেকে শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা প্রদান করা হয়। বর্তমানে অবসর সুবিধা বোর্ডের অযোগ্য নেতৃত্বের কারণে শিক্ষকদের টাকা প্রদান করা প্রায় বন্ধ রয়েছেই বলা যায়। এমন অবস্থায় অবসর সুবিধা বোর্ডের অযোগ্য ব্যক্তিদের সমর্থন করে শিক্ষামন্ত্রী বলেছেন, অবসর সুবিধা বোর্ড চালাতে হলে দানশীল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
শিক্ষামন্ত্রীর এ মন্তব্যে শিক্ষক-কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন। শিক্ষকরা ভিক্ষুক নন যে, তারা কারো দান গ্রহন করবেন।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া, জোটভুক্ত শিক্ষক সমিতির সভাপতি কাজী আব্দুর রাজ্জাক, কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম ও মহাসচিব চৌধুরী মুগীসউদ্দিন মাহমুদ এক বিবৃতিতে শিক্ষকদের জমাকৃত আবেদনের টাকা প্রদান এবং অযোগ্য ব্যক্তিদের বাদ দিয়ে অভিজ্ঞ লোকদের সমন্বয়ে অবসর সুবিধা বোর্ড পুনঃগঠন করে শিক্ষক-কর্মচারীদের টাকা প্রদানের জন্য আহবান জানিয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি
