সড়ক দুর্ঘটনায় নিহত বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংসদ সদস্য গোলাম সবুরকে জাতীয় সংসদ ভবনে নামাজে জানাজার পর কফিনে ফুল দিয়ে শেষ বিদায় জানানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে বৃষ্টির কারণে দক্ষিণ প্লাজার পরিবর্তে সংসদ ভবনের টানেলে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার পর মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন মহাজোটের সংসদ সদস্যরা। গোলাম সবুরের লাশ জাতীয় সংসদ ভবনে নেয়ার পর স্ত্রী ও তিন কন্যা সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত্ করেন। এ সময় তাদের প্রধানমন্ত্রী সান্ত্বনা দেন এবং গোলাম সবুরের নানা স্মৃতিচারণ করেন।
জানাজা শেষে মরহুমের কফিনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকারের পক্ষে ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী, বিরোধী দলীয় নেতার পক্ষে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এবং চিফ হুইপের পক্ষে হুইপ আ স ম ফিরোজ। এছাড়া আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ (জাপা) অনান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে গতকাল সকাল সাতটায় মরহুমের ব্যবসায়িক প্রতিষ্ঠান সাভারের মধুমতি টাইলস ফ্যাক্টরি প্রাঙ্গণে লাশ নেয়া হয়। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় সকাল ১০টায় ইস্কাটনে অপসোনিন কার্যালয়ের সমানে। এতে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষিরা অংশ নেন।
গত শুক্রবার বরগুনা থেকে ঢাকা আসার পথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুর্দি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে গোলাম সবুরের গাড়ি। কাভার্ড ভ্যানকে পাশ দিতে গিয়ে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। চালকসহ অপর চারজন আহত হন।
বেতাগীতে শোকের ছায়া
বেতাগী (বরগুনা) সংবাদদাতা
গোলাম সবুর টুলুর মৃত্যুতে বেতাগী উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ ৩ দিনব্যাপী শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বেতাগীতে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনসমূহে কালোব্যাজ ধারণ করে শোক পালন করে। তার মৃত্যুতে বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা নির্বাহী অফিসার মনির হোসেন হাওলাদার, সাবেক মেয়র আবুল কাশেম, প্যানেল মেয়র বরুণ কর্মকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহজালাল সিকদার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আ. রাজ্জাক খান, সাংগঠনিক সম্পাদক খ. ম. ফাহরিয়া সংগ্রাম আমিনুল, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্না, উপজেলা আওয়ামী মত্স্য লীগের সভাপতি আবদুস সোবাহান, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মজনু, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মন্টু, বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা শাখার সভাপতি আবদুস সালাম সিদ্দিকি, সাধারণ সম্পাদক শামিম সিকদার, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মহসীন খান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া নওরাজ, পৌর জাতীয় পার্টির সভাপতি নাসিরউদ্দিন পীয়ূষ, উপজেলা যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম পিন্টু, ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান মহসীন শোক প্রকাশ করে শোকাগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
