দেশে প্রথম শিশুকেন্দ্রিক বাজেট প্রণয়ন কাঠামো প্রকাশ

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২১:৪৩
ইউনিসেফ ও বাংলাদেশ সরকার, পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর সহযোগিতায় দেশে প্রথম শিশুকেন্দ্রিক বাজেট প্রণয়ন কাঠামোঃ বাংলাদেশে শিশুদের সমঅধিকারের জন্য বিনিয়োগ (চাইল্ড-ফোকাসড বাজেটিং ফ্রেমওয়ার্কঃ ইনভেস্টিং ফর দ্য ইকুইটেবল রাইটস অফ চিল্ড্রেন ইন বাংলাদেশ) প্রকাশ করা হয়েছে। শিশুবান্ধব বাজেট তৈরির এই কাঠামো নীতি প্রণয়নকারী, সংসদ সদস্য, সুশীল সমাজ সংগঠন, উন্নয়ন অংশীদার ও গবেষকদের বিদ্যমান আর্থিক সংস্থানের আলোকে শিশুদের জন্য নির্ধারিত সম্পদ ব্যবহারের দক্ষতা যাচাইয়ের নির্দেশনা প্রদান করবে। এছাড়া সীমিত সম্পদের আলোকে কিভাবে শিশুদের প্রয়োজনগুলোকে অগ্রাধিকার-ভিত্তিতে নির্দিষ্টভাবে প্রণয়ন করা যায় সে সম্পর্কে তথ্য প্রদান করবে। ইউনিসেফ-এর সহযোগিতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়সহ নয়টি সামাজিক খাত বিষয়ক মন্ত্রণালয় এবং একটি জাতীয় গবেষণা প্রতিষ্ঠান-পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরই)-এর যৌথ উদ্যোগে এই বাজেট কাঠামো প্রণয়ন করা হয়েছে। গতকাল নগরীর একটি হোটেলে এই বাজেট প্রণয়ন কাঠামো উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ মোতাহার হোসেন। এছাড়া অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেন বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফ প্রতিনিধি প্যাসকেল ভিলেনিউভ এবং উপস্থাপনা করেন পিআরই-র ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ। অনুষ্ঠানে বলা হয় বাংলাদেশে প্রায় পাঁচ কোটি ৭০ লক্ষ শিশু আছে যা দেশের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশের কাছাকাছি- তাদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করতে হবে। ইতোপূর্বে বাংলাদেশে শিশুকেন্দ্রিক বাজেট প্রণয়নের কোন কাঠামো ছিল না। মধ্য মেয়াদে বাজেট কাঠামোতে এখন পর্যন্ত মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানসমূহকে শিশুদের আর্থ-সামাজিক অধিকার পূরণ বা নিরাপত্তাদানে বাজেট নিশ্চয়তার ওপর প্রতিবেদন দিতে বাধ্যবাধকতা আরোপ করেন। যদিও এটি জেন্ডার বাজেটের ক্ষেত্রে প্রযোজ্য। আশা করা যায় যে, শিশুকেন্দ্রিক বাজেট কাঠামো বাংলাদেশে কোন শিশুই যেন পশ্চাত্পদ না থাকে ধারাবাহিকভাবে তা নিশ্চিত করার লক্ষ্যে সুবিন্যস্ত ভিত্তি প্রদান করবে। অনুষ্ঠানে বলা হয়, শিশুকেন্দ্রিক বাজেট প্রণয়ন মানেই শিশুদের জন্য নির্দিষ্ট কোন আলাদা বাজেট নয়। এটা হচ্ছে সরকারি খাতের বিনিয়োগের প্রকৃতি ও পরিধি পরিচালনার একটি কাঠামো, যা শিশুদের আর্থর্-সামাজিক অধিকার সমভাবে বাস্তবায়নে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব ফেলবে। এবং পুরো সমাজকে উপকৃত করবে।