আর্থিক প্রতিষ্ঠানেও মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করার নির্দেশ

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২১:৪৪
বাণিজ্যিক ব্যাংকগুলোর পরে এবার ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত নারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য এসব প্রতিষ্ঠানের মানব সম্পদ সংক্রান্ত নীতিমালায় ছুটির বিষয়টি অন্তর্ভুক্ত করার কথাও বলা হয়েছে। আর ঐ নীতিমালা সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের দিয়ে অনুমোদন করিয়ে আগামী আগস্ট মাসের মধ্যে তা বাংলাদেশ ব্যাংকে পাঠাতে বলা হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার জন্য ২০১১ সালে সরকার ঘোষণা দেয়। এর পর ব্যাংকগুলোকেও ঐ নির্দেশনা মানার অনুরোধ জানায় বাংলাদেশ ব্যাংক। তবে এ বিষয়ে বেশিরভাগ ব্যাংকই সে নির্দেশনা উপেক্ষা করছিল। তারই পরিপ্রেক্ষিতে গত মার্চে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার জন্য বাংলাদেশ ব্যাংক দ্বিতীয়বার নির্দেশনা দেয়। এবার ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানেও এ নিয়ম মানার নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক। সরকারি কর্মজীবী নারীরা আগে মাতৃত্বকালীন ছুটি পেতেন চার মাস। ২০১১ সালের ১০ জানুয়ারি অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, নারীরা একই বছরের ৯ জানুয়ারি থেকে ছয় মাস ছুটি পাবেন। বর্তমানে দেশে ৩১টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে।