এমডিজি অর্জনে ককাস গঠনের উপর গুরুত্বারোপ

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২১:৪৫
মাতৃত্ব, নবজাতক ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত সংসদীয় ককাস গঠনের লক্ষ্যে গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এক সভায় বলা হয় এ বিষয়ে ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন করতে হবে। সভায় ককাস গঠনের উদ্দেশ্য ও ভবিষ্যতে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। আগামী ২০১৫ সালের মধ্যে মাতৃত্ব, নবজাতক ও শিশু স্বাস্থ্য বিষয়ে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ককাস গঠনের উপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া ককাসের কৌশলগত পরিকল্পনাসহ স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, হুইপ সাগুফতা ইয়াসমিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মমতাজ বেগম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ফজিলাতুননেসা ইন্দিরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ডা. মোহাম্মদ আমানউল্লাহ, অ্যাডভোকেট তারানা হালিম, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, তহুরা আলী, শাহিন মনোয়ারা হক এবং আশরাফুন নেসা মোশারফ সভায় অংশ গ্রহণ করেন । বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাত বাংলাদেশে মহিলা ও শিশু স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। শিশু স্বাস্থ্যের জন্য জবাবদিহিতা শীর্ষক সেমিনার আগামীকাল মঙ্গলবার রাজধানীতে দু’দিনব্যাপী ‘সংসদ এবং মহিলা ও শিশু স্বাস্থ্যের জন্য জবাবদিহিতা’ শীর্ষক বহু দেশীয় সেমিনার শুরু হচ্ছে। সেমিনারে বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিফা মহাদেশের আটটি দেশের সংসদ সদস্য ও জনপ্রতিনিধি অংশগ্রহণ করবেন। বাংলাদেশ জাতীয় সংসদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে হোটেল রুপসী বাংলায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে ।