চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে ঈদ বাজার

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:০৭
চাঁপাইনবাবগঞ্জে এবার রমজানের শুরু থেকেই জমে উঠে ঈদের বেচা-কেনা। মাঝে কয়েকদিন হরতালের কারণে দোকানপাট বন্ধ থাকলেও এখন তা পুষিয়ে নিতে পারবে বলে ব্যবসায়ীরা জানান। শহরের প্রধান প্রধান বিপণী বিতান ও ফুটপাতের দোকানগুলোতে এখন বেচা-কেনা চলছে দেদারসে। সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে জেলা শহরের অভিজাত নিউমার্কেটে। সকল প্রকার পোশাক, পাদুকা ও কসমেটিকসের দোকানগুলোতে দেখা যায় সকাল থেকে রাতঅবধি বেচা-কেনা চলছে। আরেক অভিজাত মার্কেট ক্লাব সুপার মার্কেটের দোকানগুলোতেও ভিড় দেখা গেছে। এছাড়া শহরের পুরাতন বাজার এবার পুরাতনরূপে ফিরে এসেছে। এবার অভিজাত মার্কেটগুলোর তুলনায় পুরাতন বাজারের বেচা-কেনার হার সন্তোষজনকভাবে বাড়ছে। তুলনামূলক পণ্যমূল্যও কম বলে এই বাজারের ব্যবসায়ীরা জানান। ঈদ বাজারগুলো ঘুরে দেখা গেছে, এবারও টাঙ্গাইল শাড়ির পশাপাশি ভারতীয় শাড়ির সমাহার বেশি। এ ছাড়া রেশম সিল্ক, জামদানি, জর্জেট, কাতান, শিবগঞ্জ সিল্ক, রাজশাহী সিল্ক, পিংগন ও বনলতা উল্লেখযোগ্য। তবে আগের তুলনায় এবার দাম অনেক বেশি। অপরদিকে শিবগঞ্জ সদর, রাণীহাটি, ছত্রাজিতপুর, মনাকষা, কানসাট, গোমস্তাপুর, রহনপুর, নাচোল উপজেলা সদর, মল্লিকপুর, ভোলাহাট ্উপজেলা সদরসহ গ্রামীণ বাজারগুলোতেও ঈদের বাজার জমে উঠেছে। এসব বাজারেও নারী ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।