খাগড়াছড়ি-মহালছড়ি সড়ক বর্ষণে প্লাবিত

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:০৮
গত দুইদিনের প্রবল বর্ষণে পাহাড়ী ঢলে খাগড়াছড়ি-মহালছড়ি সড়ক প্লাবিত হয়ে পড়েছে। ফলে যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছে। রবিবার সকালের দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, চৌংড়াছড়ি মগপাড়া নামক জায়গায় রাস্তার উপর দিয়ে ঢলের পানি প্রায় দুই ফুট উঠে গেলে ঘন্টা খানেক খাগড়াছড়ি-মহালছড়ি রুটে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। পরবর্তীতে বিপদ জনক অবস্থায় পানির উপর দিয়ে যানচলাচল কিছুটা স্বাভাবিক হয়। ভুক্তভোগী এক যাত্রী বলেন, প্রতিবছর এই বৃষ্টির পানিতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে কোন নজর নেই বলে জানালেন ওই ভুক্তভোগী যাত্রী। গোয়ালন্দে বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল গোয়ালন্দ সংবাদদাতা \ রাজবাড়ীর গোয়ালন্দে শনিবার রাতে বৃষ্টিতে দৌলতদিয়ার এক নম্বর ফেরিঘাটের মাটি সরে যাওয়ায় ঘাটটি বন্ধ হয়ে গেছে। এছাড়া দেবগ্রাম ইউনিয়নের পদ্মা তীরবর্তী অঞ্চলের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। গোয়ালন্দ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে পানির লেভেল দাঁড়িয়েছে ৮ দশমিক ৩০ মিটার। বর্তমানে বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, গত দুই সপ্তাহে বন্যার পানিতে এবং পদ্মার স্রোতের কারণে দেবগ্রামের বেথুরি, চরদেলন্দি, বাঘাবাড়ি ও অন্তারমোড় এলাকার প্রায় ৬০টি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে।