নওগাঁর ধামইরহাটে ফেনসিডিল আটককে কেন্দ্র করে পৃথক ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন। শনিবার রাতে উপজেলার রূপনারায়ণপুর ও ফতেপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেছে এবং ২ জনকে আটক করা হয়েছে।
সূত্র জানায়, ফতেপুর গ্রামে শনিবার বিকালে এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এখলাস আলী ১২শ বোতল ফেনসিডিল পাচারের উদ্দেশ্যে ভটভটিতে বোঝাই করছিল। এ সময় থানার এসআই রতন ফেনসিডিল আটক করে ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে রেখে এখলাসের সঙ্গে দরকষাকষিতে লিপ্ত হয়। একপর্যায় ২০ হাজার টাকায় রফা হয়।
ইউপি চেয়ারম্যান শাহাজান আলী কমল জানান, এ সময় বিক্ষুব্ধ লোকজন ওই কর্মকর্তাকে স্কুলকক্ষে দড়ি দিয়ে বেঁধে রাখে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে এসআই রতনসহ ফেনসিডিলগুলো উদ্ধার এবং মাদক ব্যবসায়ী এখলাসকে আটক করে থানায় নিয়ে যায়। ১২শ বোতল ফেনসিডিল উদ্ধার করে নিয়ে যাওয়া হলেও থানায় ৭৮৭ বোতল ফেনসিডিল জমা করা হয় বলে ওসি জানান।
এদিকে অপর ঘটনায় একইদিন রাত ৮টার দিকে এসআই হুমায়ন কবির, এএসআই অজয় কুমার থানার দুই পুলিশ কনস্টেবলকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে উপজেলার রূপনারায়ণপুর গ্রামে মাদক উদ্ধারে যায়। এ সময় এলাকার লোকজন ডাকাত ভেবে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে গণধোলাই দিয়ে আটকে রাখে। পরে রাত ১১টার দিকে পুলিশ তাদের উদ্ধার করে আনে।
