সরাইল এলজিইডিতে কোটি টাকার কাজ ভাগবাটোয়ারা

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:১২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলজিইডিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এখানে বিভিন্ন সময়ে কোটি কোটি টাকার টেন্ডার কাজ ভাগবাটোয়ারা হয়েছে। ফলে সরকারের ক্ষতি লাখ লাখ টাকা। সর্বশেষ এখানে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি-৩) এর আওতায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণে কাজের টেন্ডারে ব্যাপক অনিয়ম হয়েছে। এতে সরকারের ক্ষতি হয়েছে ১৫ লাখ টাকা। পিইডিপি ৩ এর আওতায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নোয়াগাঁও ইউনিয়নের মহলদারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য প্রায় কোটি টাকার টেন্ডার আহবান হয় গত ১০ জুলাই। এতে ১১টি সিডিউল বিক্রি হয় এবং সাতটি ঠিকাদারী প্রতিষ্ঠান সিডিউল জমা দেয়। এর মধ্যে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান শতকরা ১৭ ভাগ নিম্নদর দিয়ে সিডিউল জমা দেয়। পরবর্তীতে এ টেন্ডার নিয়ে সরাইল এলজিইডির কর্মকর্তা মাহবুবুব আলম-এর সহায়তায় নিয়ম-বহির্ভূতভাবে কিছু ঠিকাদার সমঝোতার মাধ্যমে এ টেন্ডার ভাগবাটোয়ারা করে নেন। স্কীমটির প্রাক্কলিত মূল্যের চেয়ে শতকরা ১৭ ভাগ নিম্নদরে টেন্ডার জমা হলেও নামমাত্র নিম্নদর দেখিয়ে কতিপয় ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি বাগিয়ে নেয়। এতে ওই ঠিকাদারী প্রতিষ্ঠান সমঝোতা বাবদ সাত লাখ টাকা উেকাচ দেয়। এ টাকা এলজিইডি কর্মকর্তা ও টেন্ডারে অংশগ্রহণকারী ঠিকাদারদের মধ্যে ভাগবাটোয়ারা হয়। সরাইল উপজেলা প্রকৌশলী মাহবুব আলম জানান, এখানে টেন্ডারে কোন অনিয়ম হয়নি।