নান্দাইলে সাংবাদিকের হাত ভেঙ্গে দিয়েছে আওয়ামী লীগ নেতা

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:১৩
জুয়ার বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক ইত্তেফাকের নান্দাইল সংবাদদাতা শাহ্ আলম ভুঁইয়ার হাত ভেঙ্গে দিয়েছে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নাজিম উল্লাহ লিটন। হাত-পা কেটে ফেলার হুমকির একদিন পরই গত শনিবার ওই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। গত শুক্রবার আওয়ামী লীগ নেতা নাজিম উল্লাহ ফোনে শাহ্ আলম ভুঁইয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার হাত-পা কেটে ফেলাসহ প্রাণনাশের হুমকি দেন। এ হুমকির ঘটনায় শুক্রবার সন্ধ্যায় তিনি নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অভিযোগ রয়েছে, জিডি করলেও পুলিশ এব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি। এর ২৪ ঘন্টার মধ্যেই ওই নেতা শাহ্ আলম ভুঁইয়ার নতুন বাজার এলাকার কলেজ মার্কেটে অবস্থিত অনুপম মিডিয়ায় গিয়ে অর্তকিত হামলা চালান। হামলায় শাহ আলম ভুঁইয়ার ডান হাত ভেঙ্গে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নেতা নাজিম উল্লাহ লোহার রড দিয়ে শাহ্ আলম ভুঁইয়াকে বেধড়ক মারধর করেন। এ সময় আশপাশ থেকে লোকজন এগিয়ে এসে সাংবাদিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিত্সাধীন। এ বিষয়ে শনিবার রাতে শাহ্ আলম ভুঁইয়া বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।