রেকর্ড দর ফিরিয়ে দিলো টটেনহ্যাম!

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:১৫
রিয়ালের দেয়া রেকর্ড দরও ফিরিয়ে দিলো টটেনহ্যাম। আট কোটি ২০ লাখ ইউরো (৮২ মিলিয়ন) দর পাওয়ার পরেও গ্যারেথ বেলকে কোনভাবেই ছাড়তে রাজি হচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। অনেকটা কৌশলগত কারণেই হংকংয়ে দক্ষিণ চীনের বিপক্ষে গত শনিবার বেলকে একাদশে রাখেননি কোচ আন্দ্রে ভিলাস বোয়াস। বেলকে ছাড়াই ৬-০ গোলে জিতেছে টটেনহ্যাম। ম্যাচের আগে জানানো হয়েছিল, মাংসপেশীর টানের কারণে খেলতে পারবেন না ওয়েলশের ২৪ বছর বয়সী এই খেলোয়াড়। কিন্তু ঘটনা মোটেও সেটা নয়, শারীরিকভাবে ফিট থাকলেও মানসিকভাবে ছিলেন বিপর্যস্ত। মন থেকে তিনি চাইছেন ক্রিস্টিয়ানো রোনালদো, মেসুত ওজিল, লুকা মড্রিচ, করিম বেনজেমাদের সাথে রিয়াল মাদ্রিদে খেলতে। কয়েকটি স্প্যানিশ গণমাধ্যমও জানিয়েছে, ক্লাব কর্তৃপক্ষকে এরই মধ্যে হোয়াইট হার্ট লেন ছাড়ার কথা বলে দিয়েছেন বেল। কিন্তু তার স্বপ্নের পথে একমাত্র বাধা হল স্পার্স দলের সভাপতি ড্যানিয়েল লেভি। তিনি চাইছেন চুক্তির অবশিষ্ট তিন বছরও টটেনহ্যামেই থাকুক বেল। ‘সোনার ডিম পাড়া হাঁস’-কে কোনভাবেই ছাড়তে চাইছেন না ড্যানিয়েল লেভি। তাই তার সাথে সমঝোতার পথটা বেশ কঠিন রিয়াল মাদ্রিদ দলের জন্য। অন্যদিকে রিয়াল মাদ্রিদের কিংবদন্তী খেলোয়াড় ও কর্মকর্তা জিনেদিন জিদান বেলকে যে করেই হোক দলে নেয়ার ব্যাপারে আশাবাদী। আর তাই যদি হয় তাহলে বেলের দলবদলের দর আগের সব রেকর্ডকেই হার মানাবে। ২০০৯ সালে ৮০ মিলিয়ন ইউরো (আট কোটি ইউরো) দরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান ক্রিস্টিয়ানো রোনালদো। বেলকে নিয়ে এতো কাড়াকাড়ি কেন? এমন প্রশ্নের উত্তর পাওয়া যাবে চেলসি কোচ হোসে মরিনহোর কথায়। সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচ মেসি-রোনালদোর পরেই রাখছেন বেলকে। গত মৌসুমে তিনি বলেছিলেন, ‘তার আছে অবিশ্বাস্যভাবে শট নেয়ার ক্ষমতা, অসাধারণ গতি, শেষ মুহূর্তে গোল করে দলকে জেতানোর আশ্চর্য ক্ষমতা। তাই যদি মেসি আর রোনালদোকে ভুলে যান তাহলে বেলকে শীর্ষে রাখতেই হবে। তার সাথে জড়িত সংখ্যাগুলো যখন আমি দেখি তখন মনে হয় তার প্রতি যে পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে তার সবটাই আসলে উসুল হচ্ছে।’ কদিন আগে বেলের এক ঘনিষ্ঠ বন্ধু তার রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর আভাস দিয়ে বলেন, ‘এমন কোন ফুটবলার কি আছে যে ওজিল, রোনালদোদের সাথে খেলতে চায় না? টটেনহ্যাম অবশ্যই ভাল একটা ক্লাব। কিন্তু তার সাথে রিয়াল মাদ্রিদের তুলনা হয় না।’ তবে এর বাইরে কিছু কারণ আছে যার কারণে বেল টটেনহ্যামে থাকার সিদ্ধান্ত নিতে পারেন। আন্দ্রে ভিলাস বোয়াসের সাথে ভাল সম্পর্ক, নতুন জন্ম নেয়া কন্যা অ্যালবা’র ভবিষ্যত্— এসবই এর মধ্যে প্রধান। তবে জিদানের মতো কিংবদন্তী খেলোয়াড় যখন আকাশচুম্বি দর নিয়ে বেলের জন্য টটেনহ্যাম বোবগতে মাঠে নেমেছেন। তখন তাকে ফিরিয়ে দেয়াটা খুবই শক্ত। ভিলাস বোয়াস শনিবার বেলের দলবদল নিয়ে কোন মন্তব্য করতে চাইলেন না ‘দু:খিত, এই মুহূর্তে আমি কোন মন্তব্য করতে চাইছি না। অনুমান নির্ভর কিছু বলা আমার পক্ষে সম্ভব না।’