‘ব্যাড বয়’ হিসেবে তার পরিচিতিটা বেশ পুরনো। এইতো কিছুদিন আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের জো রুটকে ঘুষি দিয়ে বেশ সমালোচিত হওয়ার সাথে সাথে দলে জায়গাও হারিয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। সেখান থেকে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে রানে ফিরে দলে ফেরার আভাসও দিয়ে রেখেছিলেন। কিন্তু প্রবাদের, ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে’- প্রমাণ করতেই কি না দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম শ্রেণীর ম্যাচে চতুর্থ দিনে ঝামেলায় জড়ালেন উইকেট কিপার থামি সোলেকিলে’র সাথে। শেষ পর্যন্ত আম্পায়ারদের হস্তক্ষেপে সেই বাকবিতণ্ডা’র অবসান ঘটে। যদিও দিন শেষে ঘটনাটিকে ‘বন্ধুত্বপূর্ণ ঠাট্টা’ হিসেবেই দেখছেন ওয়ার্নার। নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি বলেন, ‘ক্রিকেট খেলায় ফিরে আসাটা সত্যি অসাধারণ। এই সপ্তাহে সত্যি অনেক মজা হয়েছে। উইকেট কিপারের সাথে বন্ধুত্বপূর্ণ ঠাট্টাও হয়। ব্যাপারটা আসলেই মজাদার ছিল!!’
