‘স্পেন জার্মানি এখনো ব্রাজিলের চেয়ে ভাল’

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:১৭
ব্রাজিল জাতীয় দলের সমন্বয়কারী কার্লোস আলবার্তো পেরেইরা মনে করেন স্পেন ও জার্মানি এখনো ব্রাজিলের চাইতে ভাল দল। এমনকি ব্রাজিলের সাম্প্রতিক সাফল্যের পরও। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল গত মাসে নিজেদের মাঠে অনুষ্ঠিত ফাইনালে স্পেনকে ৩-০ গোলে হারিয়ে কনফেডারেশন কাপ জয় করে। পেরেইরা রিও ডি জেনিরোতে পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাতের পর একটি বার্তা সংস্থাকে বলেন, ব্রাজিল এখনো জার্মানি ও স্পেনের চাইতে ভাল নয়। পেরেইরা বলেন, ‘আমরা এখনো শতভাগ পরিপূর্ণ হওয়া থেকে অনেক দূরে আছি। ব্রাজিল বিশ্বের সেরা ফুটবল দল নয়। স্পেন এবং জার্মানি এখনো সেরা দল। তবে আমরা সেখানে পৌঁছার কাছাকাছি চলে এসেছি।’ আগামী বছরের বিশ্বকাপের ফাইনালে তিনি আর্জেন্টিনাকে দেখতে চান কিনা জানতে চাওয়া হলে বলেন, ‘ব্রাজিল চ্যাম্পিয়ন হতে পারে। আর্জেন্টিনা অসাধারণ একটি দল। তাদের সাথে ফাইনাল হলে ব্যাপারটা খুবই ভাল হবে। কারণ তাদের বিরুদ্ধে খেলা সবসময়ই আনন্দের।’ আগামী বছর ব্রাজিলেই অনুষ্ঠিত হবে পরবর্তী বিশ্বকাপ। সে কারণে স্বাগতিক হিসেবে দলটি সরাসরি মূল পর্বে খেলবে এবং অনুশীলন ম্যাচ খেলেই কোচ লুই ফিলিপ স্কোলারির দলকে বিশ্বকাপের প্রস্তুতি নিতে হচ্ছে। কনফেডারেশন কাপ জয়ের পর ব্রাজিলের প্রথম খেলাটি হবে ১৪ আগস্ট সুইজারল্যান্ডের বিরুদ্ধে। সুইস শহর বাসেলে অনুষ্ঠিত হবে খেলাটি। স্পেন বিশ্বের এক নম্বর দল এবং একাধারে বিশ্ব ও ইউরোপিয় চ্যাম্পিয়ন। অপরদিকে জার্মানি আছে বিশ্ব র্যাংকিংয়ে দুই নম্বরে। জার্মানি কেবল চ্যাম্পিয়ন্স জয়ী বায়ার্ন মিউনিখ এবং রানার্স আপ বরুশিয়া ডর্টমুন্ডের খেলোয়াড় নিয়েই প্রায় জাতীয় দল গড়তে পারে। সে তুলনায় ২০০২ সালে ব্রাজিলকে রেকর্ড পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতিয়ে আবার কোচ হিসেবে দায়িত্ব নেয়া লুই ফিলিপ স্কোলারি কনফেডারেশন কাপের আগে প্রীতি ম্যাচগুলোতে মোটেই ভাল করতে পারেনি। তবে জুন মাসে অনুষ্ঠিত টুর্নামেন্টটিতে তার দলের খেলা সবার নজর কাড়ে। ব্রাজিলকে ১৯৯৪ সালে চতুর্থ বিশ্বকাপ জেতানো পেরেইরা এ ব্যাপারে বলেন, ‘আমরা আবার সমর্থকদের আস্থা অর্জন করেছি। বিশ্বকাপ জয়ের জন্য আমাদের একটা ভিত্তি তৈরি হয়েছে।’ পোপ ফ্রান্সিস মার্চে নির্বাচিত হওয়ার পর তার প্রথম বিদেশ সফরে এখন বিশ্বের সবচাইতে বড় ক্যাথলিক ধর্মাবলম্বীদের দেশ ব্রাজিলে আছেন। পেরেইরা তার দেশের আরো ক্রীড়াব্যক্তিত্বদের নিয়ে পোপের সাথে দেখা করার পর বিশ্বকাপ নিয়ে কথা বলেন। এ প্রসঙ্গে তিনি আর্জেন্টিনায় জন্ম নেয়া পোপকে জানান যে, আগামী বছরের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ব্রাজিলের মুখোমুখিতার জন্য তিনি প্রার্থনা করেছেন। এ ব্যাপারে তিনি লিওনেল মেসির প্রসঙ্গ টেনে আরো বলেন, ‘আমরা প্রার্থনা করতে যাচ্ছি এবং আমি বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছি। একটি দক্ষিণ আমেরিকা ফাইনাল হবে খুবই ভাল একটা ব্যাপার। তাদেরও খুব ভাল একটি দল এবং বিশ্বের সেরা খেলোয়াড় আছে। তাদের বিরুদ্ধে খেলা সবসময়ই দারুণ।’ —সাম্বাফুট/বাসস