কেভিন পিটারসেন নিজের ফিটনেস প্রমাণ করার সুবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে খেলার সম্ভাবনা জোরদার করেছেন। ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি) এছাড়াও দলে ডেকেছে জো রুটের কাছে জায়গা হারানো জেমস টেইলর, স্পিনার মন্টি পানেসর ও সারে পেসার ক্রিস ট্রেমলেটকে। বাদ পড়েছেন দুই সিমার স্টিভেন ফিন ও গ্রাহাম ওনিয়নস।
ওল্ড ট্রাফোর্ডে ১ আগস্ট শুরু হবে টেস্টটি। ম্যানচেস্টারে না হারলেই ইংল্যান্ড নিজেদের দখলে রাখতে পারবে সিরিজ। পিটারসেন দ্বিতীয় টেস্টে কাফ ইনজুরিতে ভুগছিলেন এবং লর্ডসে অনুষ্ঠিত খেলাটিতে দ্বিতীয় ইনিংসে আর মাঠে নামতে পারেননি ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়। ইংল্যান্ড এই টেস্টে ৩৪৭ রানে জিতে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
ইসিবি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাসেক্সের তিন দিনের ম্যাচে নটিংহ্যামশায়ারের টেইলরকে অতিথি হিসেবে খেলাতে বলার পর ২৩ বছর বয়সী এই ডান হাতি ব্যাটসম্যান অপরাজিত ৬৪ রানের সুবাদে নিজের দাবি জোরালো করেন।
প্যানেসারকে ডাকার কারণ হতে পারে ওল্ড ট্র্যাফোর্ডের পিচ বরাবর স্পিন অনুকূল হয় বলে। প্যানেসার খেললে স্বাগতিকদের বোলিং আক্রমণ আরো জোরদার হতে পারে। ৩১ বছর বয়সী এই স্পিনার শেষ পর্যন্ত একাদশে ঠাঁই পেলে তা হবে নিজেদের মাঠে চার বছরের মধ্যে তার প্রথম কোন টেস্ট খেলার ঘটনা।
ইসিবির নির্বাচক জিওফ মিলার জানিয়েছেন, পিটারসেনকে নিজের ফিটনেস প্রমাণের জন্য সময় দেয়া হবে। তবে টেইলরের ক্ষেত্রে ব্যাপারটা হবে পর্যাপ্ত বিকল্পের অংশমাত্র। তিনি বলেন, ‘পিটারসেন ইনজুরি থেকে সেরে উঠছেন এবং টেস্টটি শুরুর প্রাক্কালে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে তার অবস্থা খতিয়ে দেখা হবে। সে জন্যই নটিংহ্যামশায়ারের হয়ে এ মৌসুমে ভাল ফর্মে থাকা টেইলরকে অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে রাখা হয়েছে।’
অপর দুইজন সম্পর্কে তিনি বলেন, ‘ট্রেমলেট ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন এবং সারের হয়ে এ মৌসুমে তার নৈপুণ্য খুবই উত্সাহিত হওয়ার মতো। এছাড়া প্রচুর আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকা প্যানেসার অধিনায়ক আলস্টেয়ার কুক ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে বাড়তি বিকল্প দেবে।’
এদিকে অস্ট্রেলিয়ার পাঁচ উইকেটে তোলা ৩৬৬ রান জবাবে সাসেক্স দ্বিতীয় দিন শেষ করে ২২৮/৫ সংগ্রহে। তিনদিনের এ প্রস্তুতি ম্যাচের শেষ দিন ছিল কাল।
