চট্টগ্রামে শিশু ফুটবল উত্সব শুরু হচ্ছে আজ

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:১৯
প্রতিশ্রুতিশীল ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) উদ্যোগে শিশু ফুটবল উত্সব আজ সোমবার শুরু হচ্ছে। উত্সবের উদ্বোধনী দিনে প্রথম খেলায় রাইজিং স্মল লায়ন্স খেলবে এমএ রহিম চাইল্ড ফাইটার্স এবং দ্বিতীয় খেলায় ফজল করিম লিটল টাইগার্স প্রতিদ্বন্দ্বিতা করবে শফি মিয়া বয়েজ সোলজার্স দলের বিরুদ্ধে। খেলা শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। বাছাই করা ৮০ জন খেলোয়াড়কে চারটি দলে ভাগ করা হয়েছে। উত্সবে অংশগ্রহণকারী খেলোয়াড়দের বয়স ১২ বছরের উর্ধ্বে নয়। চার দলকে চারজন বিশিষ্ট ক্রীড়া সংগঠকের নামে নামকরণ করা হয়। দলগুলোর নাম হলো-ফজল করিম লিটল টাইগার্স, এমএ রহিম চাইল্ড ফাইটার্স, শফি মিয়া বয়েজ সোলজার্স ও কালু সিংহ স্মল লায়ন্স। এ উত্সবে ফাইনালসহ মোট ১৩টি খেলা অনুষ্ঠিত হবে। একটি দল দুইবার করে খেলার সুযোগ পাবে। উত্সবের জন্য ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৫০ হাজার টাকা। ইমপালস্ প্রপার্টিজ নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান আয়োজন বাবদ সমুদয় অর্থ দেবে।