এমটিভি কোক স্টুডিও’র আদলে এবারে বৈশাখী ঈদ লাইভ!

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২০:২৩
১২ আগস্টে গাইবেন জেমস। বৈশাখী টেলিভিশনে। আর তার চেয়েও বড় কথা হলো এবারের ঈদ লাইভ কনসার্টের পুরোটাই সাজানো হয়েছে এমটিভির কোক স্টুডিওর আদলে। আনপ্লাগড মোমেন্টস নামে ব্যান্ড সংগীতের একটি ভিন্ন রকম আয়োজন প্রথমবারের মতো প্রচারিত হতে যাচ্ছে বৈশাখী টেলিভিশনে। ব্যান্ড সংগীতের অ্যাকুয়েস্টিক ফর্মেটের প্রায় সব বাদ্যযন্ত্রের বাদনে এমন শো-এর আগে বাংলাদেশে কখনও হয় নি। আনপ্লাগড মোমেন্টস প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে ৯ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত। ৯ আগস্টে মূল শিল্পী হচ্ছেন বাপ্পা মজুমদার, তুহিন (শিরোনামহীন) এবং অতিথি শিল্পী-শুভ (ডি রকস্টার) ও কানিজ সুবর্ণা। ১০ আগস্ট গাইবেন দীপ্ত, পারভেজ, ফকির শাহাবুদ্দিন এবং অতিথি শিল্পী হিসেবে গাইবেন স্বাগতা ও জুলি। ১১ আগস্ট এ মূল শিল্পী হচ্ছেন—হামিন আহমেদ (মাইলস), লিংকন (আর্টসেল) এবং অতিথি শিল্পী—আলিফ আলাউদ্দিন, মিজান (ওয়ার ফেইজ) ও ক্রিপটিক ফেইটের সাকিব। ১২ আগস্ট শুধুমাত্র জেমস গাইবেন। ১৩ আগস্ট এ মূল শিল্পী- লুমিন (ফিডব্যাক), রেবেল (উচ্চারণ) এবং অতিথি শিল্পী হিসেবে পান্থ কানাই ও আঁখি আলমগীর গাইবেন। শেষদিন ১৪ আগস্টে মূল শিল্পী হিসেবে থাকছেন—হাসান (আর্ক), বিপ্লব(প্রমিথিউস) এবং অতিথি শিল্পী হিসেবে গাইবেন তিশমা খালিদ এবং পার্থ বড়ুয়া। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ব্যান্ড গায়ক মাকসুদ এবং ফারহানা নিশো। আনপ্লাগড মোমেন্টস সম্পর্কে বৈশাখী টেলিভিশনের হেড অব প্রোগ্রাম আহসান কবির বলেন, ‘তের থেকে সতের জন বাদক প্রতিদিন বাজাবেন। ছয়জন প্রশিক্ষিত নতুন শিল্পী থাকবেন কোরাস ও হামিংয়ের জন্য। সপ্তাহ জুড়ে থাকবে প্রাকটিস প্যাডে শিল্পীদের প্রাকটিস এবং নয় আগস্ট থেকে শুরু হবে সরাসরি সম্প্রচার। এমটিভির কোক স্টুডিওর আদলে গড়া এই অনুষ্ঠানটি তুমুল জনপ্রিয়তা পাবে বলে আমাদের বিশ্বাস।’