ডায়াবেটিস নিরাময়ের চটকদার হারবাল ওষুধের বিজ্ঞাপন সম্পর্কে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রণের সর্বোচ্চ সংস্থা এফডিএ। বিশেষজ্ঞগণ বলছেন, ডায়াবেটিস চিকিত্সা, নিয়ন্ত্রণ ও উপসর্গ উপশমের চটকদার বিজ্ঞাপন দিয়ে যেসব ডায়াবেটিসের হারবাল ওষুধ বিক্রয় করা হয় তাতে কোন উপকার তো হয়ই না বরং প্রতি ৯ জন আমেরিকান ডায়াবেটিস রোগীর মধ্যে ১ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। একারণে এফডিএ অননুমোদিত ১৫টি তথাকথিত হারবাল ও ফুড সাপ্লিমেন্ট ওষুধ উত্পাদনকারী কোম্পানিকে সতর্ক করে দিয়েছে। এফডিএ-এর কর্মকর্তাগণ উল্লেখ করেন যে, ডায়াবেটিসে পেইন রিলিফ, নিউ ডায়াবেটিক মিরাকল, রক্তের সুগার কমানো ইত্যাদি দাবিদার এসব কোম্পানির ওষুধ ও ফুড সাপ্লিমেন্ট শুধু ঝুঁকিপূর্ণ তাই নয়, এসব ওষুধে রয়েছে ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ উপাদান। এফডিএ-এর বিশেষজ্ঞগণ সকল ডায়াবেটিস রোগীকে স্বীকৃত রেজিস্টার্ড চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী ডায়াবেটিসের চিকিত্সা নিতে বলেছেন। বিশেষজ্ঞগণ বলেছেন, ডায়াবেটিসের যথাযথ চিকিত্সা না হলে হূদরোগ, কিডনি অকেজো হবার মতো জটিলতাসহ নানা শারীরিক সমস্যা হতে পারে। তাই যথাযথ ওষুধ সেবন বাঞ্ছনীয়।
লেখক : চুলপড়া, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ।
