অর্পিত সম্পত্তি আইন সংশোধন ও বাস্তবায়ন দাবি

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২১:২৫
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেলের এক জরুরি সভা গত রবিবার এএলআরডি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক এ্যাডভোকেট সুলতানা কামালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সভাপতি কামাল লোহানী, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তবারক হোসেইন, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেটট সুব্রত চৌধুরীসহ জাতীয় সমন্বয় সেলভুক্ত সকল সংগঠনের প্রতিনিধিবৃন্দ। সভায় উপস্থিত প্রতিনিধিবৃন্দ অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়নের বর্তমান অনিশ্চিত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। আইনটিকে জনগণের দাবি পূরণের উপযোগী করে তুলতে সরকারের কাছে বিভিন্ন দাবি পূরণের আহ্বান জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- সংবিধান ও সর্বোচ্চ আদালতের রায় লঙ্ঘন করে বেআইনীভাবে প্রকাশিত অর্পিত সম্পত্তির খ তালিকার গেজেট অবিলম্বে বাতিল করা, আইন ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের রায় অমান্য করে ১৯৭৪ সালের ২৩ মার্চের পর যে সকল সম্পত্তি ক তফসিলভুক্ত গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে তা বাতিল করা, ক ও খ তফসিলের সংশোধিত তালিকা প্রকাশের নামে নতুন করে যে সকল সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত করা হয়েছে সেই সকল সম্পত্তির তালিকা বাতিল করা ইত্যাদি। -প্রেস বিজ্ঞপ্তি