নৌপথে অস্ট্রেলিয়া অনুপ্রবেশ চেষ্টাকারীদের পাপুয়া নিউগিনি পাঠানো হবে

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২১:২৬
অবৈধ উপায়ে ভিসা ছাড়া নৌপথে কেউ অস্ট্রেলিয়া ঢুকতে চাইলে তাদের পাপুয়া নিউগিনি পাঠিয়ে দেয়া হবে। অবৈধ অনুপ্রবেশে চেষ্টাকারীদের অস্ট্রেলিয়া আশ্রয় দেবে না। গত ১৯ জুলাই অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনি সরকার এ বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেইগ উইলকক সোমবার এক সাংবাদিক সম্মেলনে এতথ্য জানান। তিনি বলেন, ১৯ জুলাই পাপুয়া নিউগিনির সঙ্গে অস্ট্রেলিয়া সরকারের চুক্তি স্বাক্ষরের পর এক হাজার লোক নৌযানে করে অস্ট্রেলিয়া প্রবেশের চেষ্টা করে। তাদের চুক্তির আওতায় তাত্ক্ষণিকভাবে পাপুয়া নিউগিনি পাঠিয়ে দেয়া হয়। আটককৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক থাকতে পারেন। তবে তাদের ব্যাপারে তথ্য যাচাই করা হচ্ছে। অবৈধভাবে অস্ট্রেলিয়া থাকার পথে অনেক অনুপ্রবেশকারী গভীর সমুদ্রে ডুবে মারা গেছেন। আশ্রয় চেয়ে অনেক চোরাকারবারীও আবেদন করেছে। নৌযানে চড়ে বিপজ্জনক পথে বিদেশ যেতে মানুষের মৃত্যু রোধ মানবপাচার রোধে অস্ট্রেলিয়া সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে হাইকমিশনার জানান। তিনি আরো বলেন, পাপুয়া নিউগিনির সঙ্গে চুক্তির বিষয়টি বাংলাদেশ সরকারকে অবহিত করা হয়েছে। এছাড়া ‘যৌথ উদ্যোগ’ নামে পরিচিত মানবপাচার রোধ কার্যক্রমে দুই দেশ একসঙ্গে কাজ করছে। পাপুয়া নিউগিনির সঙ্গে রিজিওনাল সেটেলমেন্ট নামে পরিচিত নতুন চুক্তি অনুযায়ী কেউ ভিসা ছাড়া নৌযানে চড়ে অস্ট্রেলিয়া গেলে তদের পাপুয়া নিউগিনি পাঠানো হবে। সংশ্লিষ্টদের পরিচিতি, কাগজপত্র ও জাতীয়তা বিবেচনা করে রাজনৈতিক আশ্রয় দেবে পাপুয়া নিউগিনি।