২০১৫ ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা আজ

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২১:৩৭
অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে যৌথভাবে আয়োজিত ২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটের সূচি মঙ্গলবার ঘোষণা করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মেলবোর্ন এবং ওয়েলিংটনে একসাথে এই সূচি ঘোষিত হবে বলে আইসিসি সূত্রে জানানো হয়েছে। এ সম্পর্কে আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মঙ্গলবার মেলবোর্ন এবং ওয়েলিংটনে একই সময়ে ২০১৫ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের পুল, ভেন্যু এবং সূচি ঘোষণা করা হবে।’ একইসাথে বিবৃতিতে আরো বলা হয়েছে মেলবোর্নের ডকল্যান্ডের পেনিনসুলা সেন্ট্রাল পিয়ারে এবং ওয়েলিংটনের সিরসা থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দিবে আইসিসি। উভয় অনুষ্ঠানে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ক্রিকেটের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাড়াও আইসিসির কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বর্তমান ও সাবেক আন্তর্জাতিক ক্রিকেটাররাও অংশ নিবেন। মেলবোর্নের ঘোষণাটি আইসিসির সহ-সভাপতি মোস্তফা কামাল, ২০১৫ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ স্থানীয় আয়োজক কমিটির চেয়ারম্যান রালফ ওয়াটার্স, আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন এবং স্থানীয় আয়োজক কমিটির প্রধান নির্বাহী জন হার্নডেন মিলে ঘোষণা করবেন। অন্যদিকে ওয়েলিংটনে এই সূচি ঘোষণা করবেন আইসিসি সভাপতি এ্যালান ইসাক এবং নিউজিল্যান্ড বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান থেরেসে ওয়ালস। - বাসস