রাণীনগরের ওভার ব্রিজে যুবকের মর্মান্তিক মৃত্যু

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২১:৪৯
বিনা টিকেটে ট্রেনের ছাদে ভ্রমণ করার খেসারত হিসাবে জীবন দিতে হল এক যুবককে। রাণীনগর রেল স্টেশনের ওভার ব্রীজের সাথে ধাক্কা লেগে মাথা দ্বিখণ্ডিত হয়ে রিমন (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রিমন জয়পুরহাট সদরের ছোট হেলকুন্ডি গ্রামের শাহ আলমের পুত্র বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার ঢাকাগামী নীলসাগর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে যাবার সময় রাত অনুমান আড়াইটায় রাণীনগর স্টেশনের ওভার ব্রীজের সাথে ধাক্কা লেগে মাথার খুলি দ্বিখণ্ডিত হয়। সংবাদ পেয়ে সান্তাহার জিআরপি পুলিশ আত্রাই থেকে মৃতদেহ এবং রবিবার দুপুরে রাণীনগর স্টেশনের রেল লাইন খেকে খণ্ডিত মাথার খুলির উপরের অংশ উদ্ধার করে। রবিবার নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে জিআরপি থানায় একটি ইউডি মামলা হয়েছে।