আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ দিনের কর্মসূচির সূচনা করে। গতকাল শনিবার সকাল ৯টায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আকরামুজ্জামান আকরামের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নেতৃবৃন্দ ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন। সকাল ১১টায় প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে গোপালগঞ্জ প্রেসক্লাব থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আকরামুজ্জামন আকরামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
