নির্বাচনী প্রক্রিয়া শুরু করছে বিসিবি

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২২:১২
১২ আগস্ট কাউন্সিলরশিপ চেয়ে চিঠি দেবে বিসিবি এনএসসিকে নির্বাচনী উদ্যোগ নিতে চিঠি দিচ্ছে প্রিমিয়ার লিগ শুরু ৩ সেপ্টেম্বর, দল বদল ২৫ আগস্ট বিপিএল তৃতীয় আসর জানুয়ারি মাসেই বিপিএলের খেলোয়াড়দের ৫০ শতাংশ পাওনা বিসিবি দিয়ে দেবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গতকাল ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির সভা। কিন্তু সভাশেষের ইফতার আয়োজনে ঢাকা লিগের তিনটি বিভাগের কর্মকর্তাদের সরব উপস্থিতি বলে দিল, এ শুধু সভা নয়; এটা অনেকটাই নির্বাচনী মিলনমেলা! নির্বাচনে শেষ পর্যন্ত কয় প্যানেল হবে, হলে এই ক্লাব কর্মকর্তারা কে কোন প্যানেলে থাকবেন; সেটা সময় বলবে। তবে বিসিবি গতকালকের সভায় সিদ্ধান্ত নিয়েছে, পূর্ণগতিতে তারা নির্বাচনের কাজ শুরু করবে। নির্বাচন কমিশনার নিয়োগ ও নির্বাচনের দিন তারিখ ঘোষণার জন্য আগামী দু’দিনের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দেবে বিসিবি। সেই সঙ্গে আগামী ১২ আগস্ট জেলা, বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো, ক্লাবগুলোর কাছে যার যার কাউন্সিলরের নাম পাঠানোর জন্য চিঠিও দেবে বিসিবি। গতকাল বিসিবির বৈঠকশেষে এসব তথ্য জানালেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। গতকাল বিসিবি সভায় আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম বড় ব্যাপার হল বিপিএলের দ্বিতীয় আসরে খেলোয়াড়দের পাওনা পরিশোধে নিজেদের যে দায়িত্ব, সেটা পূরণ করতে যাচ্ছে বিসিবি। জালাল ইউনুস জানালেন এরই মধ্যে ‘বাকি’ হয়ে পড়া খেলোয়াড়দের পঞ্চাশ শতাংশ পাওনা তারা ঈদের আগেই দিয়ে দেবেন, ‘গ্যারান্টর হিসেবে বিসিবি স্থানীয় খেলোয়াড়দের ৫০ শতাংশ পাওনা পরিশোধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ জানা গেছে যে, ঢাকা গ্লাডিয়েটর্স ও দুরন্ত রাজশাহী ইতিমধ্যে এই ৫০ শতাংশ পাওনা পরিশোধ করেছে। বাকিরা ২৫ শতাংশ পাওনা দিয়েছে। সে ক্ষেত্রে বিসিবিকে ওই বাকি ২৫ শতাংশ দিতে হবে। এ ছাড়া সভায় গতকাল ঠিক হয়েছে আরও এক দফা প্রিমিয়ার লিগের দলবদল ও লিগ শুরুর তারিখ। দফায় দফায় পেছাতে থাকা প্রিমিয়ার লিগ এবার ক্লাব সমিতির দাবি মোতাবেক সেপ্টেম্বরের ৩ তারিখ থেকে শুরু হবে বলে জানালেন সিসিডিএম চেয়ারম্যান জালাল ইউনুস। এর আগে ২৫ জুলাই দলবদল ও ২৯ আগস্ট লিগ শুরুর কথা থাকলেও এবার ২৫ আগস্ট দলবদলের পর লিগ শুরু হবে বলে আশাবাদী সিসিডিএম চেয়ারম্যান, ‘বোর্ড সভাপতির সঙ্গে দেখা করে ক্লাবগুলো বলেছে, তারা এ সময় খেলতে পারবে। ফলে আমি আশাবাদী।’ এদিকে বিপিএল নিয়েও একটা সমঝোতায় বিসিবি পৌঁছাতে পারছে বলেই মনে হচ্ছে। নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সময়ও জাতীয় দলের খেলোয়াড়দের ছাড়া প্রিমিয়ার লিগ খেলতে রাজি হয়েছে ক্লাবগুলো। ফলে কিছুটা সময় বেঁচে যাচ্ছে। তাই জানুয়ারিতে তৃতীয় বিপিএল হতে পারে বলেই জানালেন জালাল। তবে এখনও তারা আগামী মৌসুমের ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার চূড়ান্ত করতে পারেননি। সেটা দু’ একদিনের মধ্যেই হবে বলেও জানানো হল। এ ছাড়া বিসিবি গতকাল সিদ্ধান্ত নিয়েছে, নিষিদ্ধ আম্পায়ার নাদির শাহর আপিল আবেদন তারা বিবেচনা করবে না। ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলের গোপন ক্যামেরার সামনে ম্যাচ পাতাতে পারেন দাবি করে ১০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন নাদির শাহ। এসব কিছুর মধ্যে বিসিবির সভা থেকে গতকাল মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এসেছে নির্বাচন বিষয়ে। উচ্চ আদালতের আপিল বিভাগের নির্দেশনা পাওয়ার পর বিসিবি নির্বাচনমুখী হবে, এটা জানিয়ে দিয়েছিলেন সভাপতি নাজমুল হাসান পাপনই। গতকাল জালাল ইউনুস সাংবাদিকদের জানালেন এ বিষয়ে তারা কী কী পদক্ষেপ নিতে যাচ্ছেন, ‘আমরা ১২ আগস্ট কাউন্সিলরশিপ চেয়ে চিঠি দেব। সেই সঙ্গে এনএসসিকে চিঠি দেব, নির্বাচনী প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নিতে। আগামী দু’ দিনের মধ্যেই আশা করি এনএসসিকে চিঠিটা দেব আমরা।’