আধুনিকায়নের পথে আরেক ধাপ এগিয়ে গেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়। ইতিমধ্যে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্বল্প সময়ের ব্যবধানে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে তার দৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। সর্বপ্রথম মুঠোফোনে এসএমএস’র মাধ্যমে ভর্তির কার্যক্রমের মত একটি জটিল প্রক্রিয়াকে সহজভাবে সম্পন্ন করায় দেশ বিদেশে অনেক সম্মান ও প্রশংসা কুড়িয়েছে বিশ্ববিদ্যালয়টি। এতে করে হাজারো পরিক্ষার্থী ও অভিভাবকদের সময় ও অর্থের অপচয় থেকে মুক্তি মিলেছে। যার জন্য তথ্য প্রযুক্তিতে এ বিশ্ববিদ্যালয় একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করেছে। একমাত্র শাবিতে প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে পুরো ক্যাম্পাস জুড়ে আছে তারবিহীন নেটওয়ার্ক ‘ওয়াইফাই’ সুবিধা। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা সহজে অনলাইন সুবিধা পাচ্ছে। নিরাপত্তার জন্য ক্যাম্পাস ও আবাসিক হলে রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোগান্তি ও দুর্ভোগ প্রশমিত করতে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে ইলেকট্রনিক পেমেন্ট বা ই-পেমেন্ট সার্ভিস কার্যক্রম। নতুন এই সকল সুযোগ-সুবিধার ফলে এখন থেকে ভিসা কার্ড, মাস্টার কার্ড অথবা ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড দিয়ে ঘরে বসেই সেমিষ্টার ফি, ক্রেডিট ফি, আবাসিক হলের ফি ও ট্রান্সক্রিপ্ট উত্তোলন ফি প্রভৃতি অনলাইনে জমা দেয়া যাবে। এখন থেকে সেমিস্টার পদ্ধতিতে পাঠদানকারী এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এসব ফি জমা দেয়ার জন্য দুর্ভোগ পোহাতে হবে না। এখন থেকে ক্যাম্পাসে না গিয়ে ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য অনলাইনে আবেদনের মাধ্যমে নির্ধারিত সার্ভিস চার্জ দিয়ে যে কোন ঠিকানায় ট্রান্সক্রিপ্ট পাওয়া যাবে। ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে গিয়ে পেমেন্টের কাজটিও করতে পারবে।
সেবাটি পাওয়ার জন্য শিক্ষার্থীদের শাবিপ্রবির অফিসিয়াল ওয়েব সাইটের http://www.sust.edu/epayment এই ঠিকানায় যেতে হবে। ইলেকট্রনিক পেমেন্ট বা ই-পেমেন্ট সার্ভিস প্রকল্পটির কারিগরী সহায়তায় রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, ক্রিসক্রস কম্পিউটারস এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। প্রকল্পটির প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক আবু আউয়াল মোহাম্মদ সোয়েব। সার্ভিসটি চালুর আগে গত ৯ ফেব্রুয়ারি ডাচ বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ে এর আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো: ইসফাকুল হোসেন, ক্রিস ক্রস কম্পিউটারের পক্ষে ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং ডাচ বাংলা ব্যাংকের পক্ষে মো: কামরুজ্জামান চুক্তিটি স্বাক্ষর করেন।
