যুক্তরাষ্ট্র ঘুরে এলো বাংলাদেশের ৫ শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ১৭ মে থেকে ২০ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ইউনিভার্সিটিতে অনুষ্ঠেয় ‘নিউ মিডিয়া ইন জার্নালিজম’ বিষয়ক চার সপ্তাহব্যাপী লিডারশিপ কোর্সে অংশ নেয়। এ কোর্সের আয়োজন করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট বিভাগ। যুক্তরাষ্ট্র ঘুরে আসা শিক্ষার্থীরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুহাম্মদ শাবিত শাফিউল্লা, একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাসুদ হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্র নির্ঝর মজুমদার, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ বিভাগের ছাত্র মো. জিল্লুর রহীম এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের ছাত্রী শাহলা ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুহাম্মদ শাবিত শাফিউল্লার নেতৃত্বে লিডারশিপ কোর্সে অংশ নিতে যাওয়ার আগে নির্বাচিত পাঁচজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে দেখা করে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক ইকবাল আহমদ সে সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট বিভাগ বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের পাঁচজন করে শিক্ষার্থীকে প্রতি বছর ওকলাহোমা ইউনিভার্সিটিতে অনুষ্ঠেয় কোর্সে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। কোর্সে অংশগ্রহণকারী অন্য দেশগুলো হলো- ভারত, নেপাল ও শ্রীলংকা।
