‘রাখে আল্লাহ মারে কে’ উক্তিটির সত্যতা প্রমাণিত হলো সোমবার দুপুর ১২ টার দিকে শ্রীপুর পৌর ভবন সংলগ্ন একটি নির্মাণাধীন ৪ তলা ভবনের ছাদ থেকে পড়ে যাওয়া নির্মাণ শ্রমিক ছাইদুলের (১৭) জীবনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীপুর বাজারের প্রধান সড়কের পাশে সামসুদ্দিন মাস্টারের মালিকানাধীন ৪ তলা ভবনে নির্মাণ শ্রমিক ছাইদুল (১৭) সোমবার সকাল থেকে ওই ভবনের ৪র্থ তলার বাহিরের অংশে ছাদে কাজ করছিল। শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ না করে ভবন মালিকের দায়িত্বহীনতা ও খামখেয়ালীপনার কারণে নির্মাণ কাজের সময় ভবনের পাশে থাকা ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সাথে শর্ট লেগে ছিটকে মাটিতে পড়ে গুরুতর আহত হয় নির্মাণ শ্রমিক ছাইদুল। মুমূর্ষু অবস্থায় তাকে শ্রীপুর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার জানায়, তার বেঁচে থাকা আশংকাজনক তথাপি তিনি মন্তব্য করেন, রাখে আল্লাহ মারে কে। স্থানীয় লোকজনের অভিযোগ, ওই ভবন মালিক বিধি বহির্ভূতভাবে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত না করে নির্মাণ কাজ করায় এ দুর্ঘটনা ঘটেছে।
