ঈদ উপলক্ষে বেরিয়েছে শহীদের নতুন একক ‘নীল ছোঁয়া’। এ ছাড়াও মিক্সড অ্যালবাম ‘অমিয়সুধা’। তা নিয়েই বলে কথা বললেন বিনোদন প্রতিদিন-এর সাথে।
কেমন আছেন? নতুন অ্যালবামে কি বৈচিত্র্য থাকছে?
বৈচিত্র্য বলতে এই প্রথম আমি পুরোটাই দ্বৈত গানের অ্যালবাম করলাম। বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় তারকা শিল্পীদের নিয়ে এই কাজটি করেছি। গানটি লিখেছে জাহিদ আকবর। শুভমিতার সাথে আমার ‘এক জনমে’ গানটির পর এবারে আরও একটি গান করলাম। আশা করছি সবার ভালো লাগবে।
মিউজিক ইন্ডাস্ট্রির এই অবস্থায়, অ্যালবাম বের করে আর্থিক নিশ্চয়তা কতটুকু থাকে?
আমি নিজের মনের খোরাকে গান করি। দর্শক শ্রোতারা ভালোবেসেই আজ আমাকে শিল্পী বানিয়েছেন। তবে আমার প্রকাশনা অনুষ্ঠানে লিজেন্ড তারকা আইয়ুব বাচ্চু অসাধারণ একটি কথা বলেছেন। তিনি একজন প্রফেশনাল মিউজিশিয়ান হিসেবে এ সময়ের আক্ষেপ করে বলেছেন যে, গান হয়তো আর ক’দিন বাদে জাদুঘরে ঠাঁই পাবে। মানুষ নিজের গানের ওয়েলকাম টিউন শুনেই খুশি। অর্থ প্রাপ্তির কোনো খবর নেই। তবে এ অবস্থার উত্তরণ হবে।
ঈদে আর কী নিয়ে ব্যস্ত?
আমার একক অ্যালবামের বাইরে ‘অমিয়সুধা’ নামের একটি মিক্সড অ্যালবামে আমার একটি গান থাকছে ‘জানি না’ শিরোনামে। সেটিও চমত্কার একটি লাভ ব্যালেড সং। অ্যালবামটির কাটতিও বেশ ভালো।
এ ছাড়া বেশ ক’টি নাটকে দেখা যাচ্ছে ইদানীং আপনাকে—
নাহ এটা নিতান্ত শখ আর অনুরোধের কাজ বলতে পারেন। ঈদে জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘শুধু একটা মিনিট’-এর একটি চরিত্রে কাজ করেছি। ওখানে আমি শিল্পী হিসেবেই থাকছি।
