কুষ্টিয়ায় ইউএইচএ’র বদলি দাবিতে অবরোধ

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২০:৫৬
কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএ’র বদলির আদেশ আদালতে বাতিল হওয়ায় ডাক্তার, নার্স ও সাধারণ কর্মচারীরা মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ করেন। অবরোধের কারণে হাসপাতালের সামনে দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। মিরপুর হাসপাতালের ডাক্তার আরেফিন জানান, ইউএইচএ ডা. আব্দুল লতিফ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বদলির আদেশ পান। সেই আদেশ বাতিলের জন্য তিনি কুষ্টিয়ার সহকারী জজ আদালতে মামলা করেন। আদালত তার বদলি আদেশ স্থগিত করে মিরপুরেই কর্মরত থাকার আদেশ দেয়। এই ঘটনার প্রেক্ষিতে বিক্ষুব্ধ হয়ে হাসপাতালের ডাক্তার, নার্স ও সাধারণ কর্মচারীরা কাজ বন্ধ করে রাস্তা অবরোধ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধে ওই রাস্তায় সকল যান চলাচল বন্ধ ছিল।