ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরনো সূচক বা ডিজিএন প্রদর্শনের শেষ দিন। এরপর এ সূচকটি আর ডিএসই বোর্ডে প্রদর্শিত হবে না। তবে অভ্যন্তরীণভাবে সূচকটি গণনা করা হবে। গত ২২ জুলাই ডিএসইর পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ডিজিএন তুলে নেয়ার পর ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) হবে ডিএসই’র প্রতিনিধিত্বকারী সূচক।
গত ২৮ জানুয়ারি ৪ হাজার ৫৫ পয়েন্ট দিয়ে চালু হয় ডিএসইএক্স। আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা স্ট্যান্ডার্ড এন্ড পুওর (এসএন্ডপি) নতুন এ সূচকটি প্রণয়ন করে। ডিএসইএক্স চালুর ৩ মাসের মধ্যে পুরনো ডিজিএন সূচকটি তুলে নেয়ার ঘোষণা দিয়েছিলেন তত্কালীন ডিএসই প্রেসিডেন্ট রকিবুর রহমান। সে হিসাবে ২৮ এপ্রিল ডিজিএনটি তুলে দেয়ার কথা। কিন্তু তা হয়নি। পরে এ নিয়ে সমালোচনা দেখা দিলে অবশেষে ২২ জুলাই ডিএসইর পরিচালনা পর্ষদের বৈঠকে সূচকটি ১ আগস্ট থেকে তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, ২০০১ সালের ২৭ নভেম্বর ৮১৭ ভিত্তি পয়েন্ট ধরে ডিজিএন চালু করে ডিএসই। এ সূচকে ‘জেড’ ক্যাটাগরি ব্যতীত সব কোম্পানিকে অন্তর্ভুক্ত। কিন্তু এ সূচকটির গণনার ক্ষেত্রে বেশ কিছু ভুল ত্রুটি ধরা পড়লে তা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়। তবে নানা জটিলতা আর ২০১০ সালের ধসের কারণে সূচকটি বাদ দেয়ার উদ্যোগ পিছিয়ে যায়। অবশেষে চলতি বছরের ২৮ জানুয়ারি ডিএসইএক্স বা ডিএসই ব্রড ইনডেক্স নামে নতুন সূচক চালু করে ডিএসই। প্রাথমিকভাবে ১৯৯ টি কোম্পানিকে এ সূচকে অন্তর্ভুক্ত করা হয়। লেনদেনযোগ্য শেয়ার সংখ্যা এবং লেনদেনের পরিমাণের মানদণ্ডে উত্তীর্ণ কোম্পানিগুলোকে এ সূচকে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে চালু করা হয় ডিএস ৩০-সূচক।
