সাফে ‘ডেথ গ্রুপে’ পড়েছে বাংলাদেশ দল

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২২:০২
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ‘ডেথ গ্রুপে’ পড়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত, স্বাগতিক নেপাল এবং পাকিস্তানসহ প্রতিটি দলই শক্তিশালী। তিন দলই সাফে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বে। বাংলাদেশও অবশ্য চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবার যথেষ্ট প্রস্তুতি নিচ্ছে। নেপালের কাঠমান্ডুতে ১ সেপ্টেম্বর উদ্বোধন হবে অষ্টম সাফ চ্যাম্পিয়নশিপের। দশরথ স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলবে ভারত ও পাকিস্তান। এরপর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ। এরপর গ্রুপে দ্বিতীয় ম্যাচ ভারত এবং শেষ ম্যাচে পাকিস্তানকে মোকাবেলা করবে বাংলাদেশ দল। গত মার্চে চ্যালেঞ্জ কাপ ফুটবলে কাঠমান্ডুতে বাংলাদেশ ২-০ গোলে নেপালকে হারিয়েছিল। তারপরও সাফ অভিযান বাংলাদেশের জন্য কঠিনই হয়ে গেল। থাইল্যান্ডে অবস্থানরত জাতীয় দলের ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওয়েবসাইটে বলেছেন, ‘বাংলাদেশ ডেথ গ্রুপে পড়লেও কিছু করার নেই। আমাদেরকে খেলতে হবে। আমাদের গ্রুপে দুটি শিরোপা প্রত্যাশি দল রয়েছে। সেটা ভারত ও নেপাল।’ আফগানিস্তানকে সৌভাগ্যবান দল বলে উল্লেখ করেছেন ক্রুইফ। কারণ ‘এ’ গ্রুপে যুদ্ধ বিধ্বস্ত দেশটি দুর্বল দলগুলোর সাথে খেলবে। বাংলাদেশের গ্রুপে চার দলই শিরোপার জন্য লড়বে অথচ গ্রুপ পর্বেই দু’টি দলকে বাদ পড়তে হবে। তাই সেমিফাইনালে উঠাই এখন বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষা। অথচ গতকাল নেপালে ড্র অনুষ্ঠানের আগেও বাংলাদেশের প্রথম লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়া। এখনও সেটাই আছে। তবে তার আগে শিরোপাধারীদের পাশাপাশি সাবেক দুই চ্যাম্পিয়নের সাথে লড়াইয়ের মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করা। দিল্লীতে ২০১১ সালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ একটি ম্যাচও জিততে পারেনি। সেবার একমাত্র পাকিস্তানের সাথে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ দল। অপরদিকে নেপালের কাছে ১-০ গোলে এবং মালদ্বীপের সাথে ৩-১ ব্যবধানে হেরেছিল। এ কারণেই আসন্ন লড়াইয়ে পর্যাপ্ত প্রস্তুতি নিতে এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশ ফুটবল দলে কোচিং ষ্টাফ পরিবর্তন করে ডাচ কোচ আনা হয়েছে। সহকারী কোচ এবং ফিটনেস কোচও ডাচ। একই দেশ থেকে অচিরেই আসবেন গোলকিপিং কোচ। তাছাড়া সাফের প্রস্তুতি জোরদারে প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল দল বর্তমানে থাইল্যান্ড সফর করছে। এ গ্রুপ ভারত, নেপাল, বাংলাদেশ পাকিস্তান বি গ্রুপ আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলংকা, ভুটান ফিকশ্চার ১ সেপ্টেম্বর ভারত ঃ পাকিস্তান বাংলাদেশ ঃ নেপাল ২ সেপ্টেম্বর আফগানিস্তান ঃ ভুটান মালদ্বীপ ঃ শ্রীলংকা ৩ সেপ্টেম্ব পাকিস্তান ঃ নেপাল বাংলাদেশ ঃ ভারত ৪ সেপ্টেম্বর ভুটান ঃ মালদ্বীপ শ্রীলংকা ঃ আফগানিস্তান ৫ সেপ্টেম্বর ভারত ঃ নেপাল বাংলাদেশ ঃ পাকিস্তান ৬ সেপ্টেম্বর আফগানিস্তান ঃ মালদ্বীপ শ্রীলংকা ঃ ভুটান (নেপালের সময় প্রথম ম্যাচ ৩টা ৩০ দ্বিতীয় ম্যাচ ৬টা ৩০)