ফটোগ্রাফারের কুঁচকিতে ম্যারাডোনার লাথি

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২২:১১
সাবেক আর্জেন্টাইন অধিনায়ক দিয়াগো ম্যারাডোনার সাথে সাংবাদিকদের সম্পর্ক অতটা ভাল নয়। মাঝে অনেকদিন খারাপ কিছু শোনা না গেলেও ইতালির জনপ্রিয় ম্যাগাজিন জেন্তের ফটোগ্রাফার এনরিক মেদিনা অভিযোগ করেছেন ম্যারাডোনা তার কুঁচকিতে লাথি মেরেছেন। সংঘর্ষের পর স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অভিযোগপত্রও দাখিল করেছেন তিনি। ঘটনার সূত্রপাত হয় গেল রবিবার রাতে। বুয়েন্স এয়ার্সে ম্যারাডোনার বাবার বাড়ি সামনে ছবি তোলার জন্য অপেক্ষা করছিলেন জেন্তে ম্যাগাজিনের ফটোগ্রাফার এনরিক মেদিনা। বাসা থেকে বের হয়ে ওই ফটোগ্রাফারকে দেখে তেতে উঠেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ম্যারাডোনা। ফ্রি-কিক দেয়ার মতো করে তেড়ে এসে ওই ফটোগ্রাফারের কুঁচকিতে লাথি মারেন তিনি। মেদিনা এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘এটা কোন স্বাভাবিক ঘটনা ছিল না। তিনি খুব রাগান্বিত হয়েই আমাকে লাথি মারেন। তাকে দেখে মনে হচ্ছিল- বাসার ভিতর কিছু ঘটেছিল এবং বাসায় রাগারাগি করেই বাইরে এসেছিলেন তিনি।’ এর আগে বেশ কয়েকবার সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করেছেন ম্যারাডোনা। ১৯৯৪ সালে সাংবাদিকদের উপর গুলি ছুঁড়ে দু’বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এছাড়া ২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের কোচ থাকাকালীন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের গালাগাল করেন ৫২ বছর বয়সী ম্যারাডোনা।-বাসস