কাতারে মারা গেলেন ইকুয়েডোর ফুটবলার

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২২:১১
কাতারের ক্লাব আল জেইসে খেলতে আসা ইউকুয়েডর স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনিতেজ মৃত্যু বরণ করেছেন। ২৭ বছর বয়সি ওই ফুটবলার একসময় ইংলিশ ফুটবলের ক্লাব বার্মিংহ্যামেও খেলতেন। জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপের সময় ব্যাপক পরিচিতি পান তিনি। এছাড়াও মেক্সিকোর লিগে সেরা গোলদাতা ছিলেন ক্রিস্টিয়ান। ইকুয়েডোরের ফুটবল ফেডারেশন জানিয়েছে তারা বেনিতেজের মরদেহ ও তার স্ত্রীকে আনতে বিমান পাঠাচ্ছেন। এ ব্যাপারে সাহায্য করছেন তার জাতীয় দল সঙ্গীরা যাদের মধ্যে পুরোভাগে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আন্তোনিও ভ্যালেন্সিয়া। দেশটির সর্বাধিক গোলদাতাদের একজন এরমেন বেনিতেজের ছেলে ক্রিস্টিয়ানের মৃত্যুতে ইকুয়েডোরিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস ছিরিবোগা অ্যাকস্তা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘আজ সকালে আমরা গভীর বেদনা নিয়ে ঘুম থেকে উঠলাম। অসাধারণ এক মানব, এক সন্তান, বন্ধু, স্বামী ও খেলোয়াড়কে হারানো এমন এক বেদনা যা সব ইকুয়েডোরবাসীকে স্পর্শ করেছে। ইকুয়েডরের টেলিভিশন চ্যানেল গামা টিভিকে দেয়া সাক্ষাত্কারে হোসে চামোরা দাবি করেন যে ‘চুচো’ নামে পরিচিত বেনিতেজ হূদরোগে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুর আগে বেনিতেজ জানিয়েছিলেন যে তার তলপেটে প্রচন্ড ব্যথা হচ্ছে। এ জন্য তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সোমবার মৃত্যুবরণ করেন ইকুয়েডোরের হয়ে ৫৮ বার খেলা এই স্ট্রাইকারটি। বাসস