সাকিব-তামিমের ভিন্ন চ্যালেঞ্জ

আপডেট : ৩০ জুলাই ২০১৩, ২২:১২
এই লেখা যখন পড়ছেন, বারবাডোজে সাকিব বনাম তামিম লড়াই ততোক্ষনে মাঠে গড়িয়ে যাওয়ার কথা। বাংলাদেশের দুই বড় তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের লড়াইয়ের ভেতর দিয়েই আজ ভোরে শুরু হয়ে গেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। আজ ম্যাচে যে যাই করুন, দুই তারকাকে ব্যক্তিগত লড়াই চালাতেও হবে। তামিমের লড়াই ফর্মটা ধরে রাখা এবং সাকিবের লড়াই ফর্মে ফেরার। একেবারেই নতুন চেয়াহারায় আজ থেকে থেকে শুরু হয়েছে প্রথম ক্যারিবিয় টি-টোয়েন্টি লিগ। আর বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের দলের লড়াইয়ের ভেতর দিয়েই পর্দা উঠল এই লিগের। সাকিবের এখানে খেলছেন আজকের ম্যাচের স্বাগতিক বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে। আর তামিমের দল সেন্ট লুসিয়া জুকস। ছয় দলীয় এই টি-টোয়েন্টি টূর্নামেন্টটি শুরু হলো সাবেক ক্যারিবিয়ান টি-টোয়েন্টি নামের টূর্নামেন্টের বদলে। নতুন টূর্নামেন্টে অংশ নিচ্ছে অ্যান্টিগা হকসবিলস, বারবাডোজ ট্রাইডেন্টস, সেন্ট লুসিয়া জুকস, গায়না অ্যামাজন ওয়ারিয়র্স, জ্যামাইকা তালাহোয়াস এবং ট্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিল। সাকিব মাত্রই ইংল্যান্ডে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি টূর্নামেন্ট শেষ করে নিজের ক্যারিবিয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। সে তুলনায় ক্যারিবিয় দ্বীপপুঞ্জে তামিম ইকবাল বেশ ‘পুরোনো’ই হয়ে গেছেন। এ মাসের ১৭ তারিখ ঢাকা ছেড়ে দিন তিনেকের লন্ডন সফর শেষে সেন্ট লুসিয়া পৌছেছেন তামিম। সেখানে দলের সঙ্গে অনুশীলনের পাশাপাশি একটা অনুশীলন ম্যাচও খেলে ফেলেছেন তামিম। যেখানে অপরাজিত ৪২ রানের এক ইনিংস খেলে নামের প্রতি সুবিচার করেছিলেন এই বাহাতি ওপেনার। তামিমের এই সফরটা একই সঙ্গে নয়নাভিরাম ক্যারিবিয় দ্বীপপুঞ্জে মধুচন্দ্রিমার সফরও বটে। এই পুরো টূর্নামেন্ট জুড়েই তার সঙ্গী থাকবেন নববিবাহিতা স্ত্রী আয়েশা সিদ্দিকা। তামিমের পারিবারিক সূত্রে জানা গেল, তারা দু জনই ভালো আছেন, সুস্থ আছেন। তামিমের সময়টা সব দিক থেকেই দারুন কাটলেও বন্ধু ও সতীর্থ সাকিবের সময়টা অতো ভালো কাটছে না। সাকিবও ইংল্যান্ড সফরটা জীবনসঙ্গীনিকে পাশে নিয়ে শুরু করেছিলেন। কিন্তু ব্যাটে-বলে ফ্রেন্ডস লাইফে সময়টা ভালো কাটেনি এই বিশ্বসেরা অলরাউন্ডারের। ৯ ইনিংসে ১৮.২৫ গড়ে মাত্র ১৪৬ রান করেছেন এবং বল হাতে ১০ ম্যাচে পেয়েছেন মাত্র ৯ উইকেট। এখন সাকিবের চ্যালেঞ্জ নিজের এই বাজে সময়টা কাটিয়ে ওঠা।