রাখির গোপন কথা

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২০:০৮
ভিন্নধর্মী গল্প নিয়ে আসছে ঈদের জন্য নির্মিত হলো পাঁচ পর্বের নাটক ‘একটা গোপন কথা ছিল বলবার’। এই নাটকটি রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ ও পরিচালনা করেছেন সৈয়দ জামিম। সম্প্রতি উত্তরা ও রাজধানীর বিভিন্ন লোকেশনে এই নাটকের শুটিং হয়েছে। এর লোকেশন ঘুরে এসে লিখেছেন খালেদ আহমেদ আদনান একটি বহুজাতিক কোম্পানিতে উচ্চপদে চাকরি করে। আদনানের স্ত্রী অর্পিতা গরিব ঘরের মেয়ে। মা-বাবা ছোটবেলায় মাারা যাওয়ায় সে চাচার কাছে বড় হয়েছে এবং খুব কম বয়সে অর্থাত্ ইন্টার পাস করার পরে বিয়ে হয়ে যায়। কিন্তু অর্পিতার ইচ্ছা ছিল অন্যরকম, সে বিশ্ববিদ্যালয়ে পড়বে, আর্ট কলেজে ভর্তি হবে। এমন স্বাধীন জীবনের গভীর বাসনা তাকে শুধু পরাধীনতার দিকেই টেনে নিয়ে যায়। বিয়েতে তার মত ছিল না একদম। কিন্তু অর্পিতার দারিদ্রতা আর আদনানের উচ্চ অবস্থানের কাছে সব কিছু হার মানল। বিয়ের পরে আদনানের অতিরিক্ত ব্যস্ততা অর্পিতাকে বেশি একা করে দেয় তাদের দাম্পত্য জীবনে বর্ণিল রঙ ক্রমশ ফিকে হতে থাকে। তার সাথে যুক্ত হয় চিত্রশিল্পী হওয়ার মনবাসনা, স্বাধীন জীবনের কামনা ইত্যাদি। বিয়ের পরে চার বছর পার হয়ে যায় কিন্তু কোনো সন্তান আসে না তাদের ঘরে। অতি সাধারণ ঘটনা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি আর অশান্তি লেগেই থাকে। ঠিক এ রকম একটা সময় পাভেল নামে একটি ছেলের সাথে পরিচয় হয় অর্পিতার, মজার ব্যাপার হলো পাভেল একজন আর্টিস্ট যা অর্পিতা আগে থেকে জানত না। অর্পিতার যে প্রিয় ব্যালকনি যেখানে সে দিনের অধিকাংশ সময় কাটায় তার বাবুই পাখিদের সাথে সেই ব্যালকনির পাশের ছাদের চিলেকোঠায় থাকে পাভেল। ধীরে ধীরে এক গভীর সম্পর্ক গড়ে ওঠে দু’জনের মধ্যে-কেউ জানে না কোন দিকে যাচ্ছে তাদের সম্পর্ক । অন্যদিকে পারিবারিক অশান্তির দোলাচলে নিজের অজান্তেই আদনানের সাথে সম্পর্ক গভীর হতে থাকে তারই অফিসের এমডির মেয়ে লোপা’র। একসময় অর্পিতা ও আদনান উভয়ের কাছে এমন কিছু প্রমাণ হাজির হয় যে উভয় উভয়কে সন্দেহ করতে থাকে। পাভেল ও অর্পিতার মধ্যে ক্রমেই যোগাযোগ বাড়তে থাকে। অর্পিতার ইচ্ছায় পাভেল তাকে আর্ট শেখাতে শুরু করে। পাভেল অর্পিতাকে প্রায়ই একটা কথা বলতে চায় কিন্তু যেকোনো কারণে সেটা আর বলা হয় না। এমন গল্প নিয়ে ঈদের জন্য নির্মিত হয়েছে পাঁচ পর্বের নাটক ‘একটা গোপন কথা ছিল বলবার’। আসাদুজ্জামান সোহাগের রচনা ও সৈয়দ জামিমের পরিচালনায় অভিনয় করেছেন তৌকীর আহমেদ, রাখি, দীপা খন্দকার, মার্শাল, রাহুল প্রমুখ। তৌকীর আহমেদ ও রাখি চতুর্থবারের মতো একসাথে অভিনয় করলেন এই টেলিফিল্মে। এর আগে তৌকীর আহমেদ ও রাখি একসাথে কাজ করলেও সৈয়দ জামিমের পরিচালনায় এবারই প্রথম তারা দুজন একসাথে কাজ করলেন। টেলিফিল্মটিতে তৌকীর আদনান ও রাখি অর্পিতা চরিত্রে অভিনয় করেছেন। তৌকীর আহমেদ রাখির সম্পর্কে বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে রাখি খুব ভালো করছে। যদি সে এই ধারাবাহিকতা বজায় রেখে আরও সিরিয়াস হয়ে কাজ করে যায় তাহলে আগামী দিনের একজন প্রধান শিল্পী হতে পারবে।’ আবারও তৌকীর আহমেদের সাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় প্রসঙ্গে রাখি বলেন, ‘তৌকীর ভাই ভীষণ রকম সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। মানুষ হিসেবেও তিনি চমত্কার। অভিনয়ে আরও পরিপক্ব হওয়ার ক্ষেত্রে তিনি আমাকে বেশ সহযোগিতা করেছেন।’ তিনি আরও বলেন, ‘নাটকের গল্পটি অনেক মজার। আশা করছি দর্শকরা নাটকটি পছন্দ করবেন।’ পরিচালক সৈয়দ জামিম বলেন, ‘গতানুগতিক গল্পের বাইরে এই নাটক। আমি চেষ্টা করেছি নাটকের গল্পটি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে।’ উল্লেখ্য, ‘একটা গোপন কথা ছিল বলবার’ নাটকটি ঈদে চ্যানেল টোয়েন্টি ফোরে প্রচারিত হবে।