টোয়েন্টি বাই টোয়েন্টি এক্সপেরিয়েন্স

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২০:১০
জাস্টিন টিম্বারলেক, তরুণ গায়কদের মধ্যে অল্প সময়েই বেশ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন। ২০০২ সালে তার প্রথম অ্যালবাম মুক্তির মধ্যে দিয়ে গানের পথে যাত্রা শুরু করেন তিনি। আর আজ তিনি সাফল্যের চূড়ায়। তার কথা জানাচ্ছেন প্রাঞ্জল সেলিম জাস্টিন টিম্বারলেকের তৃতীয় অ্যালবাম ‘দি টোয়েন্টি/টোয়েন্টি এক্সপেরিয়েন্স’ প্রকাশিত হয়েছে গত মাসের ১৮ তারিখে। ‘টোয়েন্টি/টোয়েন্টি এক্সপেরিয়েন্স’ নিয়ে টি টোয়েন্টি ক্রিকেটের মতো চার-ছক্কা পেটাতে শুরু করেছেন টিম্বারলেক। প্রকাশের এক সপ্তাহের মধ্যেই ১০টি গানের এই অ্যালবাম অনলাইন আই টিউনসে প্রথম স্থান দখল করেছে। বিলবোর্ড তথ্য অনুযায়ী প্রথম সপ্তাহে অ্যালবামটি বিক্রি হয়েছে পাঁচ লাখ কপি, যা টিম্বারলেককে বিলবোর্ডের ২০০ টপচার্টের ১ নম্বরে নিয়ে এসেছে। সারাবিশ্বে অ্যালবামটি বিক্রি হয়েছে ৯ লাখ ৬৮ হাজার কপি, যা তার ২০০৬ সালের অ্যালবামকে ছড়িয়ে গেছে। টিম্বারলেকের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ২০০২ সালে ‘জাস্টিফাইড’ নামে। ওই অ্যালবামও বিলবোর্ডে দ্বিতীয় অবস্থানে ছিল প্রকাশের প্রথম সপ্তাহে। ৪ লাখ ৩৯ হাজার কপি বিক্রি হয় অ্যালবামটি প্রথম সপ্তাহে। আর দ্বিতীয়টি ৬ লাখ ৮৪ হাজার কপি বিক্রি হয়ে তখনও ছিল বিলবোর্ডের শীর্ষে। তার সম্পর্কে বেশ মজার কিছু তথ্য পাওয়া যায়, যেমন, গান গাওয়ার পাশাপাশি এবার নববিবাহিত স্ত্রীর জন্য বেকিং করা শুরু করেছেন তিনি। স্ত্রীর জন্য মজার সব বেক করা খাবার তৈরিতে ব্যস্ত আছেন টিম্বারলেক। যে বেকগুলো তিনি করছেন সেগুলো জাস্টিন তার দাদির কাছ থেকে শিখেছিলেন। এ বিষয়ে জাস্টিনের দাদি সেইডি বোমার বলেন, ‘আমি জাস্টিনকে রান্না করা শিখিয়েছি। সে আমার হাতে বানানো পাই খেতে খুব পছন্দ করে আর এখন সে নিজেই বানায়।’ স্ত্রী জেসিকাকে খুশি করার জন্যই নাকি নিজ হাতে পাই বানানো শুরু করেছেন জাস্টিন। এ ব্যাপারে বোমার বলেন, ‘জেসিকা খুবই ভাগ্যবতী, কারণ সে জাস্টিনের হাতে বানানো পাই খেতে পারছে।’ উল্লেখ্য, ২০১২ সালের অক্টোবরে ইতালির সমুদ্রঘেঁষা বোরগো এগনাজিয়া নামে এক অবকাশ যাপন কেন্দ্রে বিয়ে করেন হলিউডের এই তারকা জুটি। ‘টোটাল রিকল’ খ্যাত মার্কিন অভিনেত্রী জেসিকা বিয়েল এবং লাভার বয়খ্যাত জাস্টিন টিম্বারলেকের বয়সের ব্যবধান এক বছর। ৩১ বছর বয়সী টিম্বারলেকের সঙ্গে ২০০৭ সালে প্রেমের পথে হাঁটতে শুরু করেছিলেন বিয়েল। চার বছর পর ২০১১ সালের মার্চে প্রেমের যবনিকাপাতের ঘোষণা আসে এ জুটির কাছ থেকে। কিন্তু ওই বছরই তাদের ভেঙে যাওয়া প্রেম আবারও জোড়া লাগে। জাস্টিন সংগীত ক্যারিয়ারের প্রথম থেকেই অভিনয় শুরু করেন ছোটখাটো চরিত্র দিয়ে। ২০০০ সালে টেলিভিশনের জন্য নির্মিত ‘মডেল বিহেভিয়র’ ছবিতে একজন মডেলের ভূমিকায় অভিনয় করেন। এরপর সংগীতে কম সময় দিয়ে হলেও অভিনয়ের জন্য চরিত্রের খোঁজ করতে থাকেন। ২০০৪ সালের থ্রিলার ছবি ‘এডিসন ফোর্স’-এ সুযোগ পেয়েও যান। ছবিতে তিনি একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেন। এ পর্যন্ত তার ১৬টি ছবি মুক্তি পেয়েছে। ছবিতে বেশি সময় দিলেও সংগীতটাকে যে একেবারে হেলাফেলা করছেন না সে প্রমাণ তিনি দিয়েছেন।