তারকাবহুল অ্যালবাম ‘অমিয়সুধা’
এবারের ঈদে সবচেয়ে বড় বাজেটের এবং তারকাবহুল অ্যালবাম ‘অমিয়সুধা’ বাজারে এসেছে। তরুণ সংগীত পরিচালক তানভীর তারেকের সুর ও সংগীতে এই অ্যালবামে গান গেয়েছেন কলকাতার সোমলতা আচার্য, এলিটা, পড়শী, শহীদ, তৌসিফ, মালা, জুয়েল মোর্শেদ, লুত্ফর হাসান, মানিক, তানভীর শহিন, মীরাক্কেল খ্যাত জামিল, ইরিন জামান, অপরাজিতা-মিথুন ও তানভীর তারেক নিজে। অ্যালবামে ৪টি ডুয়েট গান ও ৯টি সলো গান রয়েছে। অ্যালবামের ৮টি গান লিখেছেন তানভীর তারেক, ২টি জাহিদ আকবর এবং ১টি ইশতিয়াক আহমেদ। এ ছাড়া মীরাক্কেল খ্যাত জামিল গেয়েছেন আব্বাসউদ্দিনের গাওয়া বিখ্যাত গান ‘হাড়কালা করলাম রে’ গানটি। তানভীর-সোমলতার গাওয়া ‘আকাশটাকে’ শিরোনামের চমত্কার একটি মেলোডি গান রয়েছে এই অ্যালবামে। পাশাপাশি তানভীর ও পড়শী গেয়েছেন ‘মনের গভীর ছুঁয়ে’ শিরোনামের একটি গান। এলিটা ও তানভীর গেয়েছেন ‘কিছু সম্পর্ক’ নামের একটি ভিন্নধারার প্রেমের গান। শহীদ গেয়েছেন ‘জানি না’ মালা গেয়েছেন একটি ফোক ফিউশন গান ভ্রমরা, তানভীর শাহিন গেয়েছেন ‘সাথিরে’ শিরোনামের একটি গান। ‘অমিয়সুধা’ অ্যালবাম প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘এটা আমার সুরে ২৩তম মিক্সড অ্যালবাম। এখনকার এই বায়বীয় অ্যালবামের যুগে হয়তো আর কিছুদিন আমরা সিডি প্রযুক্তি দেখতে পারব। কিন্তু গান তো রয়েই যাবে। হয়তো ধারা বদল হবে। এ কারণেই আমার প্রায় ২ বছর ধরে তৈরি ভালো ভালো গানগুলো এই অ্যালবামের মাধ্যমে প্রকাশ করছি। অনেক পরিশ্রমের এই অ্যালবামটি সব ধরনের শ্রোতাদের ভালো লাগবে, এটুকু বলতে পারি।’ উল্লেখ্য ‘অমিয়সুধা’ অ্যালবামটির সাথে আলাদা ১২ পৃষ্ঠার একটি বুকলেটও দেওয়া হচ্ছে যাতে থাকছে গানের গল্প ও শিল্পী-সুরকারের কাজের অভিজ্ঞতার কথা থাকছে। সেলিব্রিটি মিউজিকের প্রযোজনায় এই অ্যালবামটি পরিবেশনায় রয়েছে তিনটি প্রতিষ্ঠান লেজার ভিশন, ফাহিম মিউজিক ও ইমপ্রেস অডিও। এ ছাড়া অনলাইনে অ্যালবামটি সারাদেশে বিপণন করছে রকমারি ডট কম।
একটু জায়গা দে
জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণার ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে নাজুর দ্বিতীয় একক ‘একটু জায়গা দে’। অ্যালবামে মোট ১০টি গান রয়েছে। গানগুলোর শিরোনাম হলো—‘কাটে না সময়’, ‘একটু জায়গা দে’, ‘মন বোঝ না’, ‘বৃষ্টি’, ‘স্বপ্ন তুমি’, ‘সারাবেলা’, ‘পাগল’, ‘মাঝ নদীতে’ ও ‘খাট নাই পালং নাই’। অ্যালবামে গানের কথাগুলো লিখেছেন—নাঈম তালুকদার, প্রিন্স মাহমুদ, ইবু, মাহমুদ জুয়েল, তৌসিফ, মমিনুল ইসলাম, হাবীবুল্লাহ আখন্দ/শাহান কবন্ধ ও প্রিন্স মাহমুদ।
