মানিকগঞ্জে গ্যাস সঙ্কট দুর্ভোগ বাড়ছে

আপডেট : ৩১ জুলাই ২০১৩, ২০:২১
মানিকগঞ্জে বাসাবাড়িতে তীব্র গ্যাস সঙ্কট দেখা দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। পবিত্র এ রমজান মাসে গ্যাসের এ সঙ্কটে নগরবাসী রয়েছেন চরম বিপাকে। অনেকেই বাসাবাড়িতে গ্যাস না থাকায় বিভিন্ন হোটেল থেকে ইফতারি কিনে এনে বাসায় পরিবারের সকলকে নিয়ে একসাথে ইফতার করছেন। নগরের অনেক এলাকায় মাঝ রাতেও চুলায় গ্যাস না থাকায় সময়মত রান্না করতে না পাড়ার কারণে অনেকে সেহরী না খেয়েই রোজা রাখছেন। নগরবাসীর বিভিন্ন সূত্রে জানা যায়, সারাবছরই বাসাবাড়িতে প্রায়ই গ্যাস সঙ্কট থাকে। সকাল থেকে রাত পর্যন্ত এ গ্যাস সঙ্কটে ভুগতে হয় নগরবাসীকে। সকাল বেলায় গ্যাস সঙ্কটের কারণে বাসায় চুলা জ্বলে না। ফলে সকালে নাস্তা না খেয়েই অনেককে অফিসে যেতে হয়। গঙ্গাধরপট্টি, পোড়ারা, কালিবাড়ি, শেওতা, দাশড়া, বান্দুটিয়া, বেউথা রোডসহ নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা চুলায় গ্যাস না থাকায় চরম দুর্ভোগে ভুগছেন। পশ্চিম দাশড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, “ভোর থেকেই আমার বাসায় গ্যাস থাকে না। বাসায় রান্না-বান্না করার জন্য আমাকে এলপি গ্যাস ব্যবহার করতে হয়। অথচ প্রতিমাসে আমাকে গ্যাসের বিল নিয়মিত পরিশোধ করতে হয়”। বেসরকারি কলেজের শিক্ষক নুসরাত জাহান তামান্না বলেন, “নগরবাসী দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সঙ্কটে ভুগছেন, দেখার যেন কেউ নেই। ভোটের সময় এলে নেতারা আসেন, বিভিন্ন প্রতিশ্র“তি দেন। আশ্বাস দেন সব সমস্যা সমাধানের। অথচ বাসাবাড়িতে গ্যাস সঙ্কটের কারণে সময়মত রান্না-বান্না করতে পারছে না গৃহিণীরা।