গতকাল বুধবার শেয়ার বাজারের সূচকে মিশ্রভাব দেখা গেছে। এদিন ডিএসই’র ব্রড সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমলেও বেড়েছে ডিএসই’র সাধারণ মূল্যসূচক। দিনভর ওঠানামর পর সূচকে মিশ্রভাব থাকলেও আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১৬ পয়েন্ট কমে ৩ হাজার ৯৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ৩১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭৩ কোটি ৫৮ লাখ ৪৬ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ২৮ কোটি ৮৪ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, ঈদুল ফিতরকে কেন্দ্র করে বিনিয়োগকারীরা কিছুটা অপেক্ষা করার নীতি গ্রহণ করছে। ফলে লেনদেন কম হচ্ছে। তবে যেসব শেয়ারের দাম তুলনামূলক নিম্ন পর্যায়ে রয়েছে সে স্ক্রিপ্টগুলোতে লেনদেন করে বিনিয়োগকারীরা তাদের পোর্টফোলিওকে সমৃদ্ধ করতে চাইছেন। এদিকে গতকাল দর বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষে ছিল টেলিকমিউনিকেশন খাত। এ খাতের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ। দর বৃদ্ধির ক্ষেত্রে এরপরই এগিয়ে ছিল ফার্মাসিউটিক্যালস খাত ও জ্বালানি খাত। বাজারে লেনদেনের ক্ষেত্রে গতকালও সবচেয়ে বেশি অবদান ছিল জ্বালানি খাতের। এরপরই রয়েছে টেলিকমিউনিকেশন ও টেক্সটাইল খাতের অবদান।
